গ্রেফতারির আশঙ্কায় কলকাতা হাইকোর্টে অভিষেকের ঘনিষ্ঠ সুমিত রায়, আগাম জামিনের আবেদন
কলকাতা, ১৫ জুন (হি. স. ) : তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী সুমিত রায় গ্রেফতারির আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। সোমবার সুমিতের আইনজীবী বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে আগাম জামিনের আবেদন দাখিল করার অনুমতি চান এব
কলকাতা হাইকোর্ট


কলকাতা, ১৫ জুন (হি. স. ) : তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী সুমিত রায় গ্রেফতারির আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। সোমবার সুমিতের আইনজীবী বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে আগাম জামিনের আবেদন দাখিল করার অনুমতি চান এবং বিষয়টির দ্রুত শুনানির আর্জি জানান। আদালত এই আবেদন দায়ের করার অনুমতি দিয়েছে।

সম্প্রতি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি থানা এলাকায় রুজু হওয়া একটি মামলার তদন্তে সুমিত রায়ের নাম জড়িয়েছে। পুলিশের দাবি— তাঁর বিরুদ্ধে তোলাবাজি, জমি কেলেঙ্কারি, আর্থিক প্রতারণা এবং টাকার বিনিময়ে নির্বাচনী টিকিট পাইয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগের তদন্ত চলছে।

উল্লেখ্য, গত শনিবার ভোরে শালবনি থানার পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে তল্লাশি অভিযান চালায়।

পুলিশ সূত্রে খবর, সুমিত রায়ের খোঁজেই এই তল্লাশি চালানো হয়েছিল। তদন্তকারীরা সুমিতের মোবাইল ফোনের শেষ লোকেশন কালীঘাট এলাকায় পেয়েছিলেন, যার ভিত্তিতেই পুলিশ সেখানে পৌঁছায়।

তবে বেশ কয়েক ঘণ্টা তল্লাশি চালিয়েও সুমিত রায়ের সন্ধান মেলেনি। এর পরেই পুলিশ তাঁর খোঁজ আরও জোরদার করে। এই পরিস্থিতির মধ্যেই সুমিত রায়ের আগাম জামিনের জন্য উচ্চ আদালতের দ্বারস্থ হওয়া রাজনৈতিক ও আইনি মহলে ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে।

সূত্র মারফত জানা গেছে, একদিকে পুলিশ যখন সুমিতের নাগাল পেতে লাগাতার চাপ তৈরি করছে, অন্যদিকে তখন তিনি গ্রেফতারি এড়াতে আইনি বিকল্পের সাহায্য নিচ্ছেন। সম্প্রতি মেদিনীপুর আদালত থেকে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande