হুমকি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার বাঁকুড়া জেলা পরিষদ সভাধিপতি ও তৃণমূল জেলা সভাপতির পুত্র
বাঁকুড়া, ১৫ জুন (হি.স.): তৃণমূল পরিচালিত বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসূয়া রায় এবং তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি তারাশঙ্কর রায়ের ছেলে অনিন্দ্য রায়কে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে বল
হুমকি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার বাঁকুড়া জেলা পরিষদ সভাধিপতি ও তৃণমূল জেলা সভাপতির পুত্র


বাঁকুড়া, ১৫ জুন (হি.স.): তৃণমূল পরিচালিত বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসূয়া রায় এবং তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি তারাশঙ্কর রায়ের ছেলে অনিন্দ্য রায়কে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। রবিবার রাতে কলকাতা থেকে অনিন্দ্যবাবুকে গ্রেফতার করা হয়। সোমবার তাঁকে খাতড়া মহকুমা আদালতে তোলা হলে এই ঘটনাকে ঘিরে তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাসের পর মাস ঠিকাদারদের ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা তোলা আদায়ের অভিযোগ রয়েছে অনিন্দ্যর বিরুদ্ধে। এই মর্মে বাঁকুড়ার তালড্যাংরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। রবিবার রাতে বিশেষ সূত্রে খবর পেয়ে পুলিশ কলকাতা থেকে অনিন্দ্য রায়কে গ্রেফতারকরে। আজ ধৃতকে খাতড়া মহকুমা আদালতে হাজির করানো হলে বিচারক তাঁকে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

তালড্যাংরার শ্যামসুন্দরপুর গ্রামের বাসিন্দা তথা সরকারি ঠিকাদার শান্তনু মণ্ডল থানায় লিখিতভাবে অনিন্দ্যের বিরুদ্ধে তোলাবাজি, ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকির অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের জন্য ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত তোলা বাবদ তিনি ৩৯ লক্ষ টাকা দিতে বাধ্য হয়েছিলেন। পরবর্তীতে অনিন্দ্য আরও টাকা দাবি করেন। কিন্তু শান্তনুবাবু আর অর্থ দিতে অস্বীকার করায় তাঁকে ক্রমাগত হুমকির মুখে পড়তে হয়।

অভিযোগকারীর দাবি, বাবা-মায়ের রাজনৈতিক পরিচয় এবং প্রশাসনিক পদকে কাজে লাগিয়ে বাঁকুড়া জেলার বিভিন্ন সরকারি ঠিকাদারের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তোলা আদায় করেছেন অনিন্দ্য।

অন্যদিকে, ধৃতের আইনজীবী চঞ্চল রায় বলেন, অভিযুক্তর মা বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি এবং বাবা তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি। স্বাভাবিকভাবেই রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে বলে আমরা আদালতকে জানিয়েছি। তবে অভিযোগকারী ঠিকাদার তাঁর অভিযোগ পত্রে স্পষ্ট লিখেছেন যে, এত দিন ভয়ের কারণে তিনি পুলিশে অভিযোগ জানাতে সাহস পাননি।

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande