
আরামবাগ , ১৫ জুন (হি.স.) :
বিধানসভা নির্বাচনে বিজেপির ব্যাপক জয়ের আনন্দ উদযাপন করতে সোমবার গোঘাটে অনুষ্ঠিত হলো একটি বর্ণাঢ্য বাইক মিছিল। গোঘাট থানাগোড়া থেকে রতনপুর পর্যন্ত এই মিছিলে অংশ নেন বিপুল সংখ্যক বিজেপি কর্মী-সমর্থক।
মিছিলে উপস্থিত ছিলেন গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার। এছাড়াও দলের একাধিক নেতা, কর্মী ও সমর্থক এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। দলীয় পতাকা হাতে ও বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।
জানা যায়, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপির উল্লেখযোগ্য সাফল্যকে সাধারণ মানুষের সমর্থনের প্রতিফলন হিসেবে তুলে ধরতেই এই বিজয় মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি থানাগোড়া থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে রতনপুরে গিয়ে শেষ হয়।
এদিন বিধায়ক প্রশান্ত দিগার বলেন, মানুষের আশীর্বাদ ও সমর্থনেই এই সাফল্য এসেছে। আগামী দিনে এলাকার উন্নয়ন ও জনস্বার্থের বিষয়গুলিকে আরও গুরুত্ব দিয়ে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি।
মিছিল ঘিরে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস এবং সাধারণ মানুষের উপস্থিতিতে গোঘাটের এই বিজয় মিছিল বিশেষ তাৎপর্য বহন করে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA