ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিষেবা পর্যালোচনায় বিধায়ক প্রণত টুডু, রোগী ও কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক
ঝাড়গ্রাম, ১৭ জুন (হি.স.): ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসা পরিষেবার মান ও বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করতে বুধবার হাসপাতাল পরিদর্শন করলেন বিনপুরের বিধায়ক প্রণত টুডু। সফরকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগী
ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিষেবা পর্যালোচনায় বিধায়ক প্রণত টুডু, রোগী ও কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক


ঝাড়গ্রাম, ১৭ জুন (হি.স.): ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসা পরিষেবার মান ও বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করতে বুধবার হাসপাতাল পরিদর্শন করলেন বিনপুরের বিধায়ক প্রণত টুডু। সফরকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরিষেবা সংক্রান্ত অভিজ্ঞতা সম্পর্কে খোঁজখবর নেন।

হাসপাতাল পরিদর্শনের সময় বিধায়ক বহির্বিভাগ, বিভিন্ন ওয়ার্ড এবং রোগী পরিষেবার সঙ্গে যুক্ত একাধিক পরিকাঠামো ঘুরে দেখেন। পরে হাসপাতালের সুপার ও অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসে চিকিৎসা পরিষেবা উন্নয়ন ও রোগীদের সুবিধা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিশেষভাবে বহির্বিভাগে দ্রুত ও সুষ্ঠুভাবে পরিষেবা প্রদান নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

প্রণত টুডু জানান, রোগীরা যাতে সময়মতো চিকিৎসা ও প্রয়োজনীয় পরিষেবা পান, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি চিকিৎসকদের উপস্থিতি, পরিষেবার ধারাবাহিকতা এবং বিভিন্ন পরীক্ষার রিপোর্ট দ্রুত হাতে পাওয়া যাচ্ছে কি না, সেই বিষয়েও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছে।

তিনি আরও বলেন, কয়েক বছর আগে আল্ট্রাসোনোগ্রাফির মতো পরীক্ষার জন্য রোগীদের দীর্ঘ অপেক্ষা করতে হতো। বর্তমানে পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে পরিষেবার আরও উন্নতির সুযোগ রয়েছে। নিয়মিত পর্যালোচনার মাধ্যমে হাসপাতালের পরিষেবার মান আরও বাড়ানো সম্ভব বলেও তিনি মত প্রকাশ করেন।

উল্লেখ্য, রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিষেবা নিয়ে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে একাধিকবার আলোচনা হয়েছে। এর আগে ঝাড়গ্রামের আরেক বিধায়ক লক্ষ্মীকান্ত সাউও হাসপাতাল পরিদর্শন করে পরিচ্ছন্নতা, কর্মীদের দায়িত্বশীলতা এবং পরিষেবার মান বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছিলেন। তবে স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, এখনও হাসপাতালের কিছু অংশে পরিচ্ছন্নতার ঘাটতি রয়েছে। বিশেষ করে বাথরুমের রক্ষণাবেক্ষণ ও হাসপাতাল চত্বরে আবর্জনা পরিষ্কারের বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখার প্রয়োজন রয়েছে বলে তাঁদের মত।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande