
ঝাড়গ্রাম, ১৭ জুন (হি.স.): পথ হারিয়ে একেবারে বাজার সংলগ্ন এলাকায় ঢুকে পড়ল হাতির দল। বুধবার গোপীবল্লভপুরে সুবর্ণরেখা নদীর পাড় সংলগ্ন ইকো পার্কের রিভার ফিল্ড মাঠ ও লেবু বাগানে সাতটি হাতি প্রবেশ করতেই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাতির দলটি নদী পার হওয়ার সময় পথ হারিয়ে ওই এলাকায় ঢুকে পড়ে। ঘটনাস্থল বাজার এলাকার খুব কাছাকাছি হওয়ায় সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গোপীবল্লভপুর থানার পুলিশ ও বন দফতরের কর্মীরা। বন দফতর জানিয়েছে, হাতির গতিবিধির উপর কড়া নজর রাখা হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
বন দফতর সূত্রে আরও জানা যায়, একটি ‘টিকলি গ্যাং’-এর অংশ হিসেবে থাকা এই হাতির দল নদী পার হওয়ার সময় দিক হারিয়ে ফেলে এবং তারপরই জনবসতি সংলগ্ন এলাকায় প্রবেশ করে।
এদিকে হাতির উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই আশপাশের গ্রাম ও বাজার এলাকা থেকে বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমান। কৌতূহলী মানুষের ভিড় বাড়তে থাকায় সম্ভাব্য দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হয়।
এই পরিস্থিতিতে বনদপ্তরের পক্ষ থেকে মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার অনুরোধ জানানো হচ্ছে। বনকর্মীরা স্পষ্টভাবে জানিয়েছেন, হাতির খুব কাছে যাওয়া, ছবি তোলার চেষ্টা করা, শব্দ করা বা উত্তেজিত করা বিপজ্জনক হতে পারে, কারণ এতে হাতিরা আক্রমণাত্মক হয়ে উঠতে পারে।
বর্তমানে বন দফতর ও পুলিশ যৌথভাবে পরিস্থিতির উপর নজর রাখছে। স্থানীয়দেরও প্রশাসনের নির্দেশ মেনে চলার এবং সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো