ককবরকের রোমান হরফ চালুর দাবিতে ২৪ জুন টিএসএফ-র পাঁচ ঘণ্টার বিক্ষোভ
আগরতলা, ১৭ জুন (হি.স.) : ত্রিপুরার বিভিন্ন সরকারি দফতরে তপশিলি জাতি (এসসি) ও তপশিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য সংরক্ষিত শূন্যপদ অবিলম্বে পূরণ এবং ককবরক ভাষার পাঠ্যপুস্তক রোমান হরফে চালুর দাবিতে আগামী ২৪ জুন পাঁচ ঘণ্টার বিক্ষোভ কর্মসূচির ডাক দি
সাংবাদিক সম্মেলন


আগরতলা, ১৭ জুন (হি.স.) : ত্রিপুরার বিভিন্ন সরকারি দফতরে তপশিলি জাতি (এসসি) ও তপশিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য সংরক্ষিত শূন্যপদ অবিলম্বে পূরণ এবং ককবরক ভাষার পাঠ্যপুস্তক রোমান হরফে চালুর দাবিতে আগামী ২৪ জুন পাঁচ ঘণ্টার বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে তিপ্রা স্টুডেন্টস ফেডারেশন (টিএসএফ)। আগরতলার সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হবে।

বুধবার সাংবাদিক সম্মেলনে টিএসএফ-র সহ-সভাপতি জন দেববর্মা এই কর্মসূচির ঘোষণা করেন। তিনি অভিযোগ করেন, রাজ্য সরকারের বিভিন্ন দফতরে দীর্ঘদিন ধরে বিপুল সংখ্যক সংরক্ষিত পদ শূন্য পড়ে রয়েছে। এর ফলে এসসি ও এসটি সম্প্রদায়ভুক্ত যোগ্য চাকরিপ্রার্থীরা তাঁদের ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

জন দেববর্মার দাবি, বর্তমানে বিভিন্ন সরকারি দফতরে মোট ৩,১০০-র বেশি সংরক্ষিত পদ শূন্য রয়েছে। এর মধ্যে ২,০৪৭টি এসটি এবং ১,০৮৯টি এসসি সংরক্ষিত পদ দীর্ঘদিন ধরে পূরণ করা হয়নি। তিনি বলেন, সংবিধান প্রদত্ত সংরক্ষণ নীতির যথাযথ বাস্তবায়নের স্বার্থে এবং বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে বিশেষ নিয়োগ অভিযান (স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ) চালু করে দ্রুত এই পদগুলি পূরণ করা জরুরি।

সাংবাদিক সম্মেলনে তিনি আরও বলেন, চাকরির দাবির পাশাপাশি ককবরক ভাষার পাঠ্যপুস্তক রোমান হরফে চালুর দাবিও আন্দোলনের অন্যতম প্রধান বিষয়। টিএসএফ-র দাবি, ককবরক ভাষাভাষী ছাত্রছাত্রীদের বৃহত্তর স্বার্থে এবং ভাষার প্রসারের লক্ষ্যে রোমান হরফে পাঠ্যপুস্তক চালুর বিষয়ে সরকারকে ইতিবাচক পদক্ষেপ নিতে হবে।

এই দুই দাবিকে সামনে রেখেই আগামী ২৪ জুন বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সরকার দ্রুত দাবি পূরণে উদ্যোগ না নিলে ভবিষ্যতে আরও বৃহত্তর গণআন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তাঁরা।

উল্লেখ্য, ২৪ জুনই আত্মসমর্পণকারী জঙ্গিদের দুই সংগঠন— জয়েন্ট অ্যাকশন রিহ্যাবিলিটেশন কমিটি (জেএআরসি) এবং জয়েন্ট অ্যাকশন কমিটি (জেএসি)— তাদের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় সড়ক ও রেল অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে। একই দিনে একাধিক সংগঠনের আন্দোলন কর্মসূচিকে ঘিরে রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বিশেষ গুরুত্ব তৈরি হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande