
হুগলি, ১৯ জুন (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শনিবার তারকেশ্বর সফরকে ঘিরে জোরকদমে চলছে প্রস্তুতি। শুক্রবার সভাস্থল পরিদর্শনে এসে রাজ্যের পূর্তমন্ত্রী অজয় কুমার পোদ্দার বলেন, বৃষ্টির কারণে কোনও বাধা হবে না, নির্ধারিত সূচি অনুযায়ী প্রধানমন্ত্রীর সভা হবে। পাশাপাশি তিনি দাবি করেন, শুধু টাটাই নয়, ভবিষ্যতে সিঙ্গুরে আরও বহু বড় শিল্পপতি বিনিয়োগে আগ্রহী।
পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে শনিবার তারকেশ্বরের বালিগড়ি মাঠে প্রধানমন্ত্রীর জনসভার আয়োজন করা হয়েছে। তবে শুক্রবার সকাল থেকে টানা বৃষ্টিতে সভাস্থলের বিভিন্ন অংশে জল জমে যায়। তা সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে দ্রুত জল নিষ্কাশন ও মাঠ প্রস্তুতের কাজ শুরু হয়।
বিজেপি নেতৃত্বের দাবি, প্রাকৃতিক প্রতিকূলতা কোনওভাবেই জনসমাগমে প্রভাব ফেলবে না। সভায় দু'লক্ষেরও বেশি মানুষের উপস্থিতি হবে বলে আশা করা হচ্ছে। বৈদ্যবাটি-তারকেশ্বর ১২ নম্বর রোড সংলগ্ন বালিগড়ি মাঠে মূল অনুষ্ঠানস্থলে পাঁচটি বড় হ্যাঙ্গার তৈরি করা হয়েছে। পাশাপাশি নির্মিত হয়েছে অস্থায়ী হেলিপ্যাড।
শুক্রবার সভাস্থল পরিদর্শনে যান পূর্তমন্ত্রী অজয় কুমার পোদ্দার, চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ, তারকেশ্বরের বিধায়ক সন্তু পান। উপস্থিত ছিলেন হুগলির জেলাশাসক খুরশিদ আলি কাদরী-সহ প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক।
দীপাঞ্জন গুহ জানান, পূর্ত, বিদ্যুৎ ও দমকল-সহ একাধিক দপ্তরের কর্মীরা দিনরাত কাজ করছেন। জমে থাকা জল বের করতে পাম্প বসানো হয়েছে। মাঠে বালি ও স্টোনচিপসের গুঁড়ো ফেলা হচ্ছে। প্রয়োজনীয় বালির বস্তাও আনা হয়েছে।
তারকেশ্বরের বিধায়ক সন্তু পান বলেন, প্রতিকূলতা থাকবেই, তবে তা মোকাবিলা করার প্রস্তুতি রয়েছে। তাঁর দাবি, প্রধানমন্ত্রীর সভাকে ঘিরে তারকেশ্বরে উৎসবের পরিবেশ তৈরি হবে এবং বিপুল মানুষের সমাগম ঘটবে।
অন্যদিকে সভামঞ্চ ও মণ্ডপ সাজানোর কাজও শেষ পর্যায়ে। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। বসানো হচ্ছে মেটাল ডিটেক্টর। ইতিমধ্যেই অস্থায়ী হেলিপ্যাডে হেলিকপ্টারের ট্রায়াল সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি-র দলও পৌঁছে গিয়েছে।
বিজেপির দাবি, ১৯৪৭ সালের ২০ জুন ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে তারকেশ্বরেই পশ্চিমবঙ্গের ভারতের সঙ্গে থাকার ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। সেই দিন এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানকে স্মরণ করেই এ বছর পশ্চিমবঙ্গ দিবস পালন করা হচ্ছে।
সভাস্থল পরিদর্শনের পর অজয় কুমার পোদ্দার বলেন, সব দপ্তরের আধিকারিক ও ইঞ্জিনিয়াররা প্রস্তুত রয়েছেন। বৃষ্টির জন্য কোনও সমস্যা হবে না। প্রধানমন্ত্রী সভা থেকে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের ঘোষণা করবেন বলেও তিনি জানান।
পশ্চিমবঙ্গ দিবস প্রসঙ্গে তিনি বলেন, ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও ইতিহাস কখনও মুছে ফেলা যায় না। সিঙ্গুর প্রসঙ্গে তাঁর দাবি, সিঙ্গুর আবার শিল্পনগরী হয়ে উঠবে। শুধু সিঙ্গুর নয়, গোটা পশ্চিমবঙ্গই ফের 'সোনার বাংলা'র পথে এগিয়ে যাবে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA