
আরামবাগ , ১৯ জুন (হি.স.): গোঘাটের প্রভাবশালী তৃণমূল নেতা তথা প্রাক্তন ব্লক সভাপতি শাহাবুদ্দিন খাঁকে শুক্রবার পুনরায় আরামবাগ মহকুমা আদালতে পেশ করল গোঘাট থানার পুলিশ। তোলাবাজি, ঘর ভাঙচুর, ভোট-পরবর্তী হিংসা এবং আর্থিক তছরুপের অভিযোগে কয়েকদিন আগেই তাঁকে গ্রেফতার করা হয়েছিল।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারের পর আদালত তাঁকে পুলিশি হেফাজতে পাঠিয়েছিল। সেই হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় শুক্রবার তাঁকে পুনরায় আদালতে তোলা হয়। মামলার নথিপত্র ও তদন্তের অগ্রগতি খতিয়ে দেখে বিচারক অভিযুক্তকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
অভিযোগ রয়েছে, ভোট-পরবর্তী সময়ে এলাকায় অশান্তি ছড়ানো, সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি করে তোলাবাজি, ভাঙচুর চালানো এবং আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শাহাবুদ্দিন খাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। এই অভিযোগগুলির ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ।
শুক্রবার আদালতে পেশ করার সময় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। আদালত মামলার ঘটনার পূর্ণাঙ্গ তদন্তেরও নির্দেশ দিয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনাকে কেন্দ্র করে গোঘাটের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে অভিযুক্তের আইনজীবীর দাবি, তাঁর মক্কেলের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন এবং আইনিভাবেই তার মোকাবিলা করা হবে।
এদিকে আদালতের নির্দেশের পর শাহাবুদ্দিন খাঁকে জেল হেফাজতে পাঠানো হয়েছে। তদন্তের অগ্রগতির উপর নজর রাখছে প্রশাসন ও রাজনৈতিক মহল।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA