
বাঁকুড়া, ১৯ জুন (হি.স.): আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে স্বাস্থ্য সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে বাঁকুড়ায় অনুষ্ঠিত হল ‘রান ফর যোগা’ ম্যারাথন। শুক্রবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রশাসনিক আধিকারিক, সরকারি কর্মী এবং বিভিন্ন স্কুলের পড়ুয়াদের উৎসাহী অংশগ্রহণে মুখর হয়ে ওঠে শহর।
জেলাশাসকের দফতর প্রাঙ্গণ থেকে শুরু হওয়া প্রায় দু'কিলোমিটার দীর্ঘ এই দৌড় সার্কিট হাউস চত্বরে গিয়ে শেষ হয়। ম্যারাথনে অংশ নেন বাঁকুড়ার জেলাশাসক অনীশ দাসগুপ্ত, পুলিশ সুপার ভি.জি. সতীশ পাশুমার্থি-সহ জেলার বিভিন্ন সরকারি দফতরের আধিকারিক, কর্মী এবং বহু ছাত্রছাত্রী।
দৌড় শেষে সার্কিট হাউসে যোগ ও মেডিটেশন কর্মসূচিরও আয়োজন করা হয়। সেখানে জেলার দুই শীর্ষ প্রশাসনিক আধিকারিক-সহ উপস্থিত অন্যান্য আধিকারিকরা যোগাভ্যাসে অংশ নেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচির মূল উদ্দেশ্য মানুষের মধ্যে যোগচর্চার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ ও নিয়মতান্ত্রিক জীবনযাপনে উৎসাহিত করা।
প্রসঙ্গত, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাজ্যজুড়ে স্বাস্থ্য, সচেতনতা ও সুস্থ জীবনের বার্তা পৌঁছে দিতে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে শুক্রবার রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি বাঁকুড়াতেও ‘রান ফর যোগা’ ম্যারাথনের আয়োজন করা হয়।
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট