
হুগলি , ১৯ জুন (হি.স.): আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু সিংহ রায়কে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার কর্নাটকের বেলাগাভি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে খবর, সরকারি মালপত্র বেআইনিভাবে মজুত রাখা, হিংসার ঘটনায় প্ররোচনা দেওয়া এবং তোলাবাজির মতো একাধিক অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। দীর্ঘদিন ধরেই তাঁকে খোঁজা হচ্ছিল। তদন্তের সূত্র ধরে অবশেষে কর্নাটকের বেলাগাভি এলাকা থেকে তাঁকে আটক করে গ্রেফতার করা হয়।
জানা গিয়েছে, এই গ্রেফতারিকে ঘিরে জেলার রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বিরোধীরা ঘটনাকে কেন্দ্র করে শাসকদলের বিরুদ্ধে কটাক্ষ করতে শুরু করেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পুলিশের দাবি, সমস্ত অভিযোগের বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে এবং তদন্তের স্বার্থে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। আগামী দিনে তদন্তে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলেও মনে করা হচ্ছে।
রামেন্দু সিংহ রায়ের গ্রেফতারের ঘটনায় আরামবাগ ও তারকেশ্বর অঞ্চলে রাজনৈতিক উত্তেজনা বাড়তে শুরু করেছে। এখন সকলের নজর আদালতের শুনানি এবং পুলিশের তদন্তের অগ্রগতির দিকে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA