যোগ দিবসে কলকাতায় ভোর চারটে থেকে চলবে মেট্রো, ব্লু ও গ্রিন লাইনে বিশেষ পরিষেবা
কলকাতা, ১৯ জুন (হি.স.) : আগামী রবিবার মহানগর কলকাতায় আয়োজিত আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের কথা মাথায় রেখে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ এক অভূতপূর্ব সিদ্ধান্ত নিয়েছে। ওই দিন সাধারণ রবিবারের মতো সকাল ৯টার পরিবর্তে ভোর ৪টে থেকেই মেট্রো চলাচল শুরু করার ঘোষণা
যোগ দিবসে কলকাতায় ভোর চারটে থেকে চলবে মেট্রো, ব্লু ও গ্রিন লাইনে বিশেষ পরিষেবা


কলকাতা, ১৯ জুন (হি.স.) : আগামী রবিবার মহানগর কলকাতায় আয়োজিত আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের কথা মাথায় রেখে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ এক অভূতপূর্ব সিদ্ধান্ত নিয়েছে। ওই দিন সাধারণ রবিবারের মতো সকাল ৯টার পরিবর্তে ভোর ৪টে থেকেই মেট্রো চলাচল শুরু করার ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি, একই দিনে সর্বভারতীয় নিট পরীক্ষা থাকার কারণে অতিরিক্ত ট্রেন চালানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী রবিবার কলকাতার ব্লু লাইন, গ্রিন লাইন এবং ইয়েলো লাইনে বিশেষ পরিষেবা পাওয়া যাবে। মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, যাঁরা রবিবার সকালে রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের মূল কর্মসূচিতে অংশ নিতে যাবেন, তাঁদের সুবিধার্থেই ভোরে মেট্রো চালানোর ব্যবস্থা করা হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগামী রবিবার ব্লু লাইনে (দক্ষিণেশ্বর-কবি সুভাষ) মোট ২১৪টি মেট্রো পরিষেবা চালানো হবে। এর মধ্যে ১০৭টি আপ এবং ১০৭টি ডাউন পরিষেবা থাকবে। রবিবার ভোর ৪টে থেকে সকাল ৮টা পর্যন্ত ব্লু লাইনে আপ ও ডাউন উভয় দিকেই ১৫ মিনিটের ব্যবধানে মেট্রো চলাচল করবে।

অন্যদিকে, রবিবার গ্রিন লাইনে (সল্টলেক সেক্টর ফাইভ-শিয়ালদহ এবং হাওড়া ময়দান-এসপ্ল্যানেড) মোট ১৭৩টি মেট্রো ট্রেন চলবে। এর মধ্যে ৮৭টি আপ এবং ৮৬টি ডাউন পরিষেবা থাকবে। ভোর ৪টে থেকে সকাল ৯টা পর্যন্ত গ্রিন লাইনে উভয় দিকে ১৫ মিনিট এবং ১০ মিনিটের ব্যবধানে মেট্রো চালানো হবে। এরপর থেকে রবিবারের স্বাভাবিক সূচি অনুযায়ী পরিষেবা মিলবে।

ইয়েলো লাইনেও (নোয়াপাড়া-বারাসাত রুট) ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে। যোগ দিবসের দিন এই রুটে মোট ১১২টি মেট্রো ট্রেন চলবে, যার মধ্যে ৫৬টি আপ এবং ৫৬টি ডাউন পরিষেবা থাকবে। সাধারণত অন্য রবিবারে ইয়েলো লাইনে ৭৮টি পরিষেবা চলে।

মেট্রো রেল সূত্রের খবর, ভোর থেকে বিশেষ ট্রেন চালানো হলেও ব্লু লাইন, গ্রিন লাইন এবং ইয়েলো লাইনে দিনের শেষ মেট্রো ছাড়ার সময়ে কোনো পরিবর্তন করা হচ্ছে না। অর্থাৎ, অন্তিম বা লাস্ট মেট্রো পরিষেবাগুলি পূর্ব নির্ধারিত স্বাভাবিক সময়েই চলবে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande