দুর্গাপুরে 'রান ফর যোগা', বৃষ্টিকেও উপেক্ষা করে উৎসাহীদের অংশগ্রহণ
দুর্গাপুর, ১৯ জুন (হি.স.) : আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে দুর্গাপুরে পালিত হল ''রান ফর যোগা'' ও ''ওয়াক ফর যোগা'' কর্মসূচি। শুক্রবার সকাল থেকেই বৃষ্টিকে উপেক্ষা করে এই কর্মসূচিতে অংশ নেন বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী, যোগাসক্ত ও বিভিন্ন সরকার
দুর্গাপুরে পালিত হল 'রান ফর যোগা'


দুর্গাপুর, ১৯ জুন (হি.স.) : আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে দুর্গাপুরে পালিত হল 'রান ফর যোগা' ও 'ওয়াক ফর যোগা' কর্মসূচি। শুক্রবার সকাল থেকেই বৃষ্টিকে উপেক্ষা করে এই কর্মসূচিতে অংশ নেন বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী, যোগাসক্ত ও বিভিন্ন সরকারি দফতরের প্রতিনিধিরা।

২০১৫ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে প্রতি বছর ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হচ্ছে। সেই উপলক্ষে দেশজুড়ে শারীরিক ও মানসিক সুস্থতার বার্তা পৌঁছে দিতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। তারই অঙ্গ হিসেবে দুর্গাপুরেও অনুষ্ঠিত হয় 'রান ফর যোগা'।

এদিন এডিডিএ ভবনের সামনে থেকে ম্যারাথনের সূচনা হয়। শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে তা শেষ হয় শহিদ ভগৎ সিং ক্রীড়াঙ্গনে। সেখানে অংশগ্রহণকারীদের নিয়ে মেডিটেশন এবং যোগাভ্যাসের আয়োজন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমাশাসক কৌশিক চট্টোপাধ্যায়, দুর্গাপুর পুরসভার কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম, কমনওয়েলথে সোনাজয়ী পাওয়ারলিফটার সীমা দত্ত, দুর্গাপুর মহকুমা যোগ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তরুণ মুখোপাধ্যায়-সহ মহকুমার বিভিন্ন ক্রীড়াবিদ, যোগপ্রেমী ও সাধারণ মানুষ।

দুর্গাপুর পুরসভার কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম জানান, ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসকে ঘিরে সপ্তাহব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। তারই অংশ হিসেবে এদিন 'রান ফর যোগা' অনুষ্ঠিত হয়। যোগ দিবসে অংশগ্রহণের জন্য অনলাইনে নাম নথিভুক্ত করার ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই এক হাজারেরও বেশি মানুষ নাম নথিভুক্ত করেছেন। অংশগ্রহণকারীর সংখ্যা বেশি হওয়ায় সিটি সেন্টারের সিধু-কানহু স্টেডিয়াম এবং নেহরু স্টেডিয়ামে পৃথকভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

তিনি জানান, দুর্গাপুর মহকুমা প্রশাসন, দুর্গাপুর পুরসভা, এডিডিএ এবং আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের যৌথ উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়েছে। সাধারণ মানুষের উৎসাহ ও সাড়া অত্যন্ত আশাব্যঞ্জক বলেও তিনি উল্লেখ করেন।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande