
আরামবাগ , ১৯ জুন (হি.স.): শনিবার পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে তারকেশ্বরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তাঁর সভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে প্রশাসন ও রাজনৈতিক মহলে। বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে এই সভা নিয়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
সভায় বিপুল জনসমাগমের লক্ষ্যে আরামবাগ মহকুমার বিভিন্ন রুট থেকে যাত্রিবাহী বাস সংগ্রহ করা হয়েছে বলে জানা গিয়েছে। বিভিন্ন এলাকা থেকে বিজেপি সমর্থকদের তারকেশ্বরে পৌঁছে দিতে এই বাসগুলি ব্যবহার করা হবে। পাশাপাশি সভাকে কেন্দ্র করে বিশেষ ট্রেনের ব্যবস্থাও করা হয়েছে বলে সূত্রের খবর।
তবে আগে থেকেবা তুলে নেওয়ায় এই পরিস্থিতিতে কিছুটা সমস্যার মুখে পড়তে পারেন সাধারণ যাত্রীরা। আগামীকাল বাঙালির অন্যতম পারিবারিক উৎসব জামাই ষষ্ঠী। এই বিশেষ দিনে বহু মানুষ আত্মীয়-স্বজনের বাড়িতে যাতায়াত করেন। ফলে বাসের সংখ্যা কমে যাওয়া এবং পরিবহণ ব্যবস্থার উপর অতিরিক্ত চাপ পড়ায় সাধারণ মানুষের যাতায়াতে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, বিভিন্ন রুট থেকে বাস তুলে নেওয়ায় নিত্যযাত্রী ও সাধারণ মানুষের দুর্ভোগ বাড়তে পারে। বিশেষ করে আরামবাগ, গোঘাট, খানাকুল, পুরশুড়া এবং তারকেশ্বরগামী যাত্রীদের সমস্যায় পড়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে বিজেপি নেতৃত্বের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা ঐতিহাসিক হতে চলেছে এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক মানুষ এই কর্মসূচিতে যোগ দেবেন। সেই কারণেই পরিবহণের বিশেষ ব্যবস্থা করা হয়েছে।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে ইতিমধ্যেই তারকেশ্বর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ট্রাফিক নিয়ন্ত্রণ ও যাত্রী পরিষেবা স্বাভাবিক রাখতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
এখন দেখার, প্রধানমন্ত্রী মোদীর সভায় জনসমাগম কতটা হয় এবং একই দিনে জামাই ষষ্ঠীর ভিড় সামাল দিতে পরিবহণ ব্যবস্থা কতটা সফল হয়।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA