
তারকেশ্বর , ২০ জুন (হি.স.) : পশ্চিমবঙ্গ দিবস উদযাপন উপলক্ষে শনিবার তারকেশ্বরে অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা। এই সভাকে কেন্দ্র করে সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি রাজ্যের নানা এলাকা থেকে হাজার হাজার মানুষ তারকেশ্বরে পৌঁছন। ফলে তারকেশ্বর রেলস্টেশন কার্যত জনসমুদ্রে পরিণত হয়।
বিপুল জনসমাগমের কারণে যেকোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ তৎপরতা লক্ষ্য করা যায় রেল পুলিশ ও রেলওয়ে সুরক্ষা বাহিনীর (আরপিএফ) মধ্যে। স্টেশন চত্বর, প্ল্যাটফর্ম এবং প্রবেশ ও প্রস্থান পথগুলিতে বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশকর্মী।
এদিন হাতে মাইক নিয়ে যাত্রী ও সভায় আগত সাধারণ মানুষকে সচেতন করতে দেখা যায় রেল পুলিশকে। প্ল্যাটফর্মে অযথা ভিড় না করা, চলন্ত ট্রেনে ওঠানামা না করা, শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর রাখা এবং সন্দেহজনক কোনও বস্তু বা ব্যক্তিকে দেখলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানানোর আবেদন জানানো হয় মাইকে।
রেল পুলিশের এক আধিকারিক জানান, বিপুল সংখ্যক মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। সেই কারণে স্টেশনের প্রতিটি গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।
প্রধানমন্ত্রীর সভাকে ঘিরে তারকেশ্বরে মানুষের ঢল নামলেও রেল পুলিশের সক্রিয় ভূমিকা ও সচেতনতামূলক প্রচারের ফলে স্টেশন চত্বরে শৃঙ্খলা বজায় ছিল বলে মনে করছেন যাত্রী ও সাধারণ মানুষ। নিরাপত্তা ও জনসচেতনতার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেই।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA