
পশ্চিম বর্ধমান, ২০ জুন (হি.স.): ৮০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বার্নপুরের পুরনিয়া পুকুর এলাকায় শনিবার সেল-আইএসপি (ইস্কো স্টিল প্ল্যান্ট)-এর নগর সেবা বিভাগ জবরদখল বিরোধী বড়সড় পদক্ষেপ গ্রহণ করল। আধিকারিকদের উপস্থিতিতে ওই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর রাকেশ শর্মার একটি কথিত অবৈধ কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
জানা গেছে, ইস্কোর জমি দখল করে এই কার্যালয়টি তৈরি করা হয়েছিল। নগর সেবা বিভাগের কাছে দীর্ঘদিন ধরেই এই নির্মাণ নিয়ে অভিযোগ আসছিল। বিষয়টি খতিয়ে দেখার পর নির্মাণটি সম্পূর্ণ বেআইনি প্রমাণিত হওয়ায় তা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়।
তথ্য অনুযায়ী, গত এক মাস ধরে সেল-আইএসপি কর্তৃপক্ষের তরফে বার্নপুর শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় জবরদখল বিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এই অভিযানের অংশ হিসেবে বার্নপুর টাউনশিপ এলাকায় এখনও পর্যন্ত আট থেকে দশটি অবৈধ নির্মাণ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
পুরনিয়া পুকুর পাড়ে অবস্থিত এই কার্যালয়টি নিয়েও নগর সেবা বিভাগের পক্ষ থেকে আগেই নোটিশ জারি করা হয়েছিল। জানা যায়, নোটিশ পাওয়ার পর ওই কার্যালয়টিকে ‘পুরনিয়া পুকুর মন্দির কমিটির সার্বজনীন সেবা সমিতি’-র কার্যালয় বলে ঘোষণা করা হয় এবং ভবনটিতে হলুদ রঙ করে দেওয়া হয়। তবে তা সত্ত্বেও ইস্কো কর্তৃপক্ষ তাদের উচ্ছেদ অভিযান থেকে পিছিয়ে আসেনি।
নগর সেবা বিভাগের তরফে কার্যালয়টি খালি করার নির্দেশ আগেই দেওয়া হয়েছিল। সেই মোতাবেক শনিবার সকালে প্রশাসন বুলডোজার চালিয়ে বেআইনি নির্মাণটি ধূলিসাৎ করে দেয়।
সেল-আইএসপি নগর সেবা বিভাগের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, জবরদখল বিরোধী এই অভিযান আগামী দিনেও জারি থাকবে এবং সরকারি জমিতে গড়ে ওঠা প্রতিটি অবৈধ নির্মাণের বিরুদ্ধে এভাবেই কড়া ব্যবস্থা নেওয়া হবে।
হিন্দুস্থান সমাচার / সোনালি