
তারকেশ্বর , ২০জুন (হি.স.): পশ্চিমবঙ্গ দিবস উদযাপন উপলক্ষে শনিবার হুগলির তারকেশ্বরের বালিগরীর মাঠে অনুষ্ঠিত হয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা। এই সভাকে কেন্দ্র করে সকাল থেকেই বিজেপি কর্মী-সমর্থকদের ভিড় উপচে পড়ে। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি জমজমাট হয়ে ওঠে সভাস্থল সংলগ্ন অস্থায়ী বাজারও। আর সেই সুযোগে ভালোই ব্যবসা করেন ফটো বিক্রেতারা।
সভামঞ্চে যাওয়ার রাস্তার ধারে নরেন্দ্র মোদী , কেন্দ্রীয় ও রাজ্য বিজেপি নেতৃত্বের ছবি সাজিয়ে পসরা নিয়ে বসেন একাধিক বিক্রেতা। প্রধানমন্ত্রীকে এক নজর দেখার পাশাপাশি স্মারক হিসেবে তাঁর ছবি কিনতে আগ্রহ দেখান বহু বিজেপি কর্মী-সমর্থক। ফলে অল্প সময়ের মধ্যেই বেশিরভাগ ছবিই বিক্রি হয়ে যায়।
এক ফটো বিক্রেতা জানান, সাধারণ সময়ে বিজেপি নেতাদের ছবির চাহিদা খুব একটা থাকে না। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাকে কেন্দ্র করে এদিন ব্যাপক বিক্রি হয়েছে। সকাল থেকে একের পর এক ক্রেতা আসায় তিনি প্রত্যাশার তুলনায় অনেক বেশি লাভ করেছেন।
সভায় অংশ নিতে হুগলি জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি পার্শ্ববর্তী জেলা থেকেও বহু মানুষ উপস্থিত হন। সেই বিপুল জনসমাগমের জেরেই ফটো বিক্রেতা ও অন্যান্য ক্ষুদ্র ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে। রাজনৈতিক সভা ঘিরে স্থানীয় ব্যবসায়ীদের এই অতিরিক্ত আয় তাদের কাছে বড় প্রাপ্তি বলেই মনে করছেন অনেকে।
প্রধানমন্ত্রীর সভাকে কেন্দ্র করে যেখানে রাজনৈতিক উত্তাপ ছিল তুঙ্গে, সেখানেই সাধারণ ব্যবসায়ীদের জন্য দিনটি হয়ে উঠল বাড়তি রোজগারের সুযোগ। বিশেষ করে ফটো বিক্রেতাদের কাছে এদিন যেন সত্যিই ‘লক্ষ্মীলাভ’-এর দিন হয়ে উঠল।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA