
বাঁকুড়া, ২১ জুন (হি.স.) : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হল বিশ্ব যোগ দিবস। সরকারি-বেসরকারি সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন যোগচর্চা কেন্দ্রের উদ্যোগে জেলার সর্বত্র যোগাভ্যাস, সচেতনতা কর্মসূচি ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। বহু মানুষ, বিশেষ করে ছাত্রছাত্রী ও প্রবীণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনটি উৎসবের আবহে পরিণত হয়।
জেলা প্রশাসনের উদ্যোগে বাঁকুড়া ক্লাবে আয়োজিত মূল অনুষ্ঠানে যোগাভ্যাসে অংশ নেন জেলাশাসক অনীশ দাশগুপ্ত, বিধায়ক নীলাদ্রি শেখর দানা-সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা।
বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের উদ্যোগে স্কুলডাঙায় সংগঠনের মুক্তমঞ্চে সকাল থেকেই বিশেষ যোগাভ্যাসের আয়োজন করা হয়। একইভাবে কলেজ স্ট্রিটের মর্ডান স্কুলে বাঁকুড়া প্রীতির উদ্যোগে যোগচর্চা এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দিবসটি পালিত হয়। সেখানে বহু ছাত্রছাত্রী, যুবক-যুবতী ও প্রবীণ নাগরিক অংশ নেন।
ওয়েস্ট বেঙ্গল ফেডারেশন অফ ট্রেডার্স অর্গানাইজেশন, বাঁকুড়া শাখা এবং ডিস্ট্রিবিউটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ধর্মশালা যোগ সেন্টারে বিশেষ যোগাভ্যাসের আয়োজন করা হয়। বিষ্ণুপুরে মল্লভূম যোগ সেন্টার ও ক্রীড়া ভারতী, বাঁকুড়া জেলা শাখার উদ্যোগে স্থানীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত কর্মসূচিতেও উৎসাহের সঙ্গে যোগ দেন বহু মানুষ।
সোনামুখী প্রগতি সংঘের উদ্যোগে আয়োজিত বার্ষিক যোগ প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের প্রতিযোগীরা অংশ নেন। দুপুর থেকে শুরু হওয়া প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
লোকপুরে নিজস্ব কার্যালয়ে বাঁকুড়া সম্মিলনীর উদ্যোগে যোগ দিবস পালন করা হয়। সংগঠনের সভাপতি বিষ্ণু বাজোরিয়া বলেন, নিয়মিত যোগচর্চার মাধ্যমে সুস্থ জীবন গড়ে তোলার বার্তাই এদিন মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
এদিন বিশ্ব সংগীত দিবস ও বিশ্ব যোগ দিবস উপলক্ষে যৌথ কর্মসূচিরও আয়োজন করা হয়। বাঁকুড়া প্রীতির সদস্যরা সংগীতের তালে যোগাসনের পরিবেশনা করে উপস্থিত দর্শকদের মন জয় করেন।
এছাড়া কমরার মাঠ স্বাস্থ্য অনুশীলন সংঘ, বিধায়ক নীলাদ্রি শেখর দানার উদ্যোগে ভৈরবস্থান কার্যালয়, হ্যাপি আওয়ার যোগা অ্যান্ড কালচারাল সেন্টার-সহ জেলার একাধিক নতুন ও পুরনো সংগঠন বিভিন্ন স্থানে যোগাভ্যাস ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে। কেন্দুয়াডিহি মিলনী সংঘের মাঠে ‘রোগমুক্তির জন্য যোগ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়।
জেলার বিভিন্ন প্রান্তে মানুষের উৎসাহ-উদ্দীপনা প্রমাণ করে, সুস্থ জীবনযাপনের অন্যতম অনুষঙ্গ হিসেবে যোগচর্চা এখন ক্রমশ আরও বেশি জনপ্রিয় হয়ে উঠছে।
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট