
হাফলং (অসম), ২১ জুন (হি.স.) : টানা ভারী বৃষ্টির জেরে ডিমা হাসাও জেলার অন্তর্গত জাটিঙ্গা এলাকায় ২৭ নম্বর জাতীয় সড়কে আজ রবিবার ভূমিধসের ঘটনা সংঘটিত হয়েছে। ধসের ফলে জাটিঙ্গা-হারাঙ্গাজাও ওই জাতীয় সড়কে যানবাহন চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে। সড়কের উভয় পাশে শতাধিক যাত্রীবাহী বাস এবং পণ্যবাহী ট্রাক আটকে পড়েছে।
জানা গেছে, অবিরাম বৃষ্টিপাতের ফলে পাহাড়ের মাটি ধসে সড়কের একটি বড় অংশ ঢেকে যায়। এতে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে এবং যানজটের সৃষ্টি হয়। বহু যাত্রীকে ঘণ্টার পর ঘণ্টা সড়কে অপেক্ষা করতে হয়েছে।
ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট বিভাগ এবং জেলা প্রশাসন সড়কে জমে থাকা মাটি ও ধ্বংসাবশেষ সরিয়ে যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারের কাজ শুরু করে। তবে অব্যাহত বৃষ্টিপাত এবং পাহাড়ি এলাকার অস্থির পরিস্থিতির কারণে উদ্ধার ও পুনরুদ্ধার কাজে যথেষ্ট সমস্যা দেখা দিচ্ছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাধারণ মানুষকে অতি প্রয়োজন ছাড়া জাটিঙ্গা-হারাঙ্গাজাও সড়কে যাতায়াত না করার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, সড়ক পুনরুদ্ধারের কাজ জোরকদমে চলেছে এবং প্রশাসন সার্বিক পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব