
ঝাড়গ্রাম, ২১ জুন (হি.স.) : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার ভোর থেকেই ঝাড়গ্রাম জেলার বিভিন্ন প্রান্তে যোগচর্চার আবহ তৈরি হয়। জেলা প্রশাসনের উদ্যোগে এবং ক্রীড়া ভারতী সংঘের সহযোগিতায় ঝাড়গ্রাম স্টেডিয়ামে আয়োজিত হয় বিশেষ যোগাভ্যাস কর্মসূচি। এবারের আন্তর্জাতিক যোগ দিবসের প্রতিপাদ্য ছিল ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ’। সেই ভাবনাকেই সামনে রেখে সকাল সাড়ে ৬টা থেকে ৮টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।
স্টেডিয়ামে ছোট থেকে প্রবীণ—সব বয়সের মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সাধারণ মানুষের পাশাপাশি জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক এবং বিভিন্ন সংগঠনের সদস্যরাও যোগাসন ও প্রাণায়ামে অংশ নিয়ে সুস্থ জীবনযাপনের বার্তা তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ, বিনপুরের বিধায়ক প্রণত টুডু, জেলাশাসক আকাঙ্ক্ষা ভাস্কর, মহকুমা শাসক অনিন্দিতা রায়চৌধুরী-সহ জেলার বিভিন্ন দফতরের আধিকারিকরা।
যোগাভ্যাস পরিচালনা করেন সেবাভারতী মহাবিদ্যালয়ের শারীরশিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক প্রদীপ্ত কুমার গিরি। তাঁর নেতৃত্বে অংশগ্রহণকারীরা বিভিন্ন যোগাসন, প্রাণায়াম ও শ্বাস-প্রশ্বাসের অনুশীলন করেন। বাঁশির সুরে পরিচালিত এই যোগপর্ব অনুষ্ঠানে এক অনন্য আবহ সৃষ্টি করে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মানুষের মধ্যে নিয়মিত যোগচর্চার অভ্যাস গড়ে তোলা এবং শারীরিক ও মানসিক সুস্থতার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
একই দিনে জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানেও শিক্ষক-শিক্ষিকা এবং পড়ুয়াদের অংশগ্রহণে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়। পাশাপাশি ঝাড়গ্রাম জেলার নয়টি থানাতেও পুলিশকর্মীরা সম্মিলিতভাবে যোগাভ্যাসে অংশ নেন।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো