
পাটনা, ২১ জুন (হি.স.): বিহারের পাটনার শাহপুর থানা এলাকার দিয়ারা অঞ্চলের হেতনপুর গঙ্গাঘাটে স্নান করতে নেমে গঙ্গার জলে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। রবিবারের এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হেতনপুর গ্রামের পাঁচ বন্ধু একসঙ্গে গঙ্গায় স্নান করতে গিয়েছিল। স্নানের সময় তিনজন আচমকাই গভীর জলে তলিয়ে যায়। সঙ্গে থাকা বাকি দুই শিশু তাদের উদ্ধারের চেষ্টা করলেও গঙ্গার প্রবল স্রোত ও গভীরতার কারণে তা সম্ভব হয়নি।
মৃত তিন শিশুর নাম পীযূষ কুমার (১০), তেজ কুমার (১১) ও প্রিন্স কুমার (৭)। খবর পেয়ে গ্রামবাসী ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। দীর্ঘ তল্লাশির পর তিনজনকেই নদী থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পরিবারগুলিতে শোকের ছায়া নেমে আসে। পুলিশ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃতদের পরিবারকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা দফতরের নিয়ম অনুযায়ী প্রত্যেক পরিবারের জন্য ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা গঙ্গার ঘাটগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সতর্কীকরণ বোর্ড বসানো এবং ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য