টানা বৃষ্টিতে ধানের বীজতলা তৈরিতে ব্যস্ত আরামবাগের কৃষকরা
হুগলি , ২২জুন (হি.স.): টানা কয়েকদিনের বৃষ্টিতে স্বস্তি ফিরেছে আরামবাগ মহকুমার কৃষকদের মুখে। জৈষ্ঠ মাসের শেষভাগ এবং আষাঢ় মাসের শুরুতেই পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় নতুন উদ্যমে মাঠে নেমেছেন চাষিরা। বিশেষ করে আমন ধানের চাষের প্রস্তুতি হিসেবে এখন বিভিন
ধানের বীজ তলা তৈরিতে ব্যস্ত আরামবাগের কৃষকরা


হুগলি , ২২জুন (হি.স.): টানা কয়েকদিনের বৃষ্টিতে স্বস্তি ফিরেছে আরামবাগ মহকুমার কৃষকদের মুখে। জৈষ্ঠ মাসের শেষভাগ এবং আষাঢ় মাসের শুরুতেই পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় নতুন উদ্যমে মাঠে নেমেছেন চাষিরা। বিশেষ করে আমন ধানের চাষের প্রস্তুতি হিসেবে এখন বিভিন্ন এলাকায় জোরকদমে চলছে ধানের বীজতলা তৈরির কাজ।

কৃষকদের বক্তব্য, ধানের বীজতলা তৈরির জন্য এই সময়ের বৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিনের গরম ও খরার পর টানা বৃষ্টিতে জমিতে পর্যাপ্ত আর্দ্রতা তৈরি হয়েছে, ফলে বীজতলা প্রস্তুত করতে কোনও সমস্যা হচ্ছে না। পাশাপাশি আকাশে মেঘলা আবহাওয়া থাকায় ধানের বীজ দ্রুত ও সুন্দরভাবে অঙ্কুরিত হওয়ার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

রবিবার আরামবাগ মহকুমার গোঘাট, খানাকুল, পুরশুড়া, আরামবাগ ও তারকেশ্বরের বিভিন্ন গ্রামীণ এলাকায় দেখা যাচ্ছে কৃষকরা বীজতলা তৈরির কাজে ব্যস্ত। কেউ জমি চাষ করছেন, কেউ বা বীজ বপনের কাজ করছেন। কৃষকদের আশা, আগামী দিনেও যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে এবারের আমন মরশুমে ভালো ফলন পাওয়া সম্ভব হবে।

এদিন গোঘাটের কৃষক কিংকর ঘাটা জানান , “ধানের বীজতলা তৈরির জন্য এই বৃষ্টি খুবই উপকারী। মেঘলা আবহাওয়ায় বীজ নষ্ট হওয়ার আশঙ্কা কম থাকে এবং দ্রুত চারা গজিয়ে ওঠে। তাই আমরা এখন পূর্ণ উদ্যমে কাজ শুরু করেছি।”

কৃষি বিশেষজ্ঞদের মতে, মৌসুমি বৃষ্টির সঠিক সময়ে আগমন কৃষিকাজের জন্য অত্যন্ত ইতিবাচক। পর্যাপ্ত বৃষ্টিপাত অব্যাহত থাকলে ধানের চারা রোপণও নির্ধারিত সময়ে সম্পন্ন করা সম্ভব হবে।

সব মিলিয়ে, টানা কয়েকদিনের বৃষ্টি আরামবাগ মহকুমার কৃষিজীবী মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। প্রকৃতির এই সহায়তায় ভালো ফসলের স্বপ্ন দেখছেন এলাকার হাজার হাজার কৃষক।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande