
হুগলি , ২২ জুন (হি.স.) : আরামবাগকে নতুন জেলা হিসেবে ঘোষণার পর গোঘাট জুড়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠলেন বিজেপি কর্মী-সমর্থকরা। দীর্ঘদিনের দাবির বাস্তবায়নে খুশির আবহ তৈরি হয় গোঘাটের বকুলতলা এলাকায়। জেলা ঘোষণার খবর ছড়িয়ে পড়তেই বিজেপি কর্মী ও সমর্থকরা একত্রিত হয়ে আনন্দ উদযাপনে সামিল হন।
গোঘাটের বকুলতলায় সোমবার বিজেপির পক্ষ থেকে আবির খেলা, মিষ্টি বিতরণ এবং একে অপরকে শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে উৎসবের পরিবেশ তৈরি হয়। কর্মী-সমর্থকদের হাতে দলীয় পতাকা দেখা যায়। পাশাপাশি “আরামবাগ জেলা জিন্দাবাদ” ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। অনেকেই এই ঘোষণাকে ঐতিহাসিক সিদ্ধান্ত বলে উল্লেখ করেন।
স্থানীয় বিজেপি নেতৃত্বের বক্তব্য, আরামবাগকে জেলা করার দাবি দীর্ঘদিনের। জেলা ঘোষণার ফলে প্রশাসনিক পরিষেবা সাধারণ মানুষের আরও কাছে পৌঁছাবে এবং গোঘাট-সহ বিস্তীর্ণ এলাকার উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। সরকারি বিভিন্ন কাজের জন্য আর দূরে যেতে হবে না, ফলে সময় ও অর্থ দুটিই সাশ্রয় হবে বলে তাঁদের দাবি।
এদিনের কর্মসূচিতে উপস্থিত বিজেপি কর্মী-সমর্থকরা বলেন, আরামবাগকে জেলা ঘোষণার সিদ্ধান্ত সাধারণ মানুষের বহুদিনের প্রত্যাশা পূরণ করেছে। এই ঘোষণার ফলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিকাঠামোগত উন্নয়নে আরও গতি আসবে বলে তাঁরা আশাবাদী।
আবিরে রাঙা মুখ আর মিষ্টিমুখের মধ্য দিয়ে বকুলতলায় চলে উৎসবের আমেজ। জেলা ঘোষণার এই খবরে গোঘাটের বিজেপি শিবিরে যে নতুন উদ্দীপনা ও উৎসাহের সঞ্চার হয়েছে, তা এদিনের উদযাপনেই স্পষ্টভাবে ধরা পড়ে। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি এটি যেন সাধারণ মানুষের আনন্দ প্রকাশের এক মিলনমেলায় পরিণত হয়।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA