
গুয়াহাটি, ২২ জুন (হি.স.) : যাঁদের বেশি সন্তান রয়েছে, তাদের পুরস্কৃত করার দাবি তুলেছেন অসম-ভিত্তিক ‘অল ইন্ডিয়া ডেমোক্র্যাটিক ফ্রন্ট’ (এআইইউডিএফ)-এর সভাপতি তথা বিধায়ক বদরউদ্দিন আজমল। অসমে জনসংখ্যা বৃদ্ধির হার কমে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করতে গিয়ে এই দাবি করেছেন বদরউদ্দিন।
আজ সোমবার রাজ্য বিধানসভায় বিধায়ক পদে শপথ নিয়েছেন এআইইউডিএফ-প্রধান বদরউদ্দিন আজমল। তাঁকে শপথবাক্য পাঠ করিয়েছেন বিধানসভার অধ্যক্ষ রঞ্জিতকুমার দাস। হজে থাকায় নির্দিষ্ট দিনে অন্য বিধায়কদের সঙ্গে শপথ নিতে পারেননি বিন্নাকান্দির বিধায়ক বদরউদ্দিন আজমল।
শপথ নিয়ে বিধানসভার অধ্যক্ষের কক্ষে থেকে বাইরে এসে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন এআইইউডিএফ-প্রধান। অসমে জনসংখ্যা বৃদ্ধির হার কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে বদরউদ্দিন আজমল সরকারের কাছে দাবি জানিয়েছেন, বেশি সন্তান রয়েছে এমন পরিবারগুলির জন্য প্রণোদনা ও সহায়তামূলক ব্যবস্থা চালু করা উচিত। তাঁর দাবি, অসমে জনসংখ্যা বৃদ্ধির হার কমছে, বিষয়টি সরকারের গুরুত্ব সহকারে দেখা প্রয়োজন।
অসমে উচ্ছেদ অভিযান, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন ইস্যু প্ৰসঙ্গে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় এবং অসম সরকারের সমালোচনা করেছেন এআইইউডিএফ-প্রধান তথা বিধায়ক বদরউদ্দিন আজমল। অসমে চলমান উচ্ছেদ অভিযান প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে আজমলের দাবি, অবৈধ অভিবাসী শনাক্ত করার নামে পরিচালিত অভিযানে অনেক প্রকৃত ভারতীয় নাগরিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাঁর অভিযোগ, উচ্ছেদের শিকার ক্ষতিগ্রস্ত মানুষরা পর্যাপ্ত পুনর্বাসন সহায়তা পাচ্ছেন না। তিনি বলেন, উচ্ছেদ অভিযান চালানোর আগে যথাযথ পুনর্বাসন ও পুনর্ব্যবস্থাপনার ব্যবস্থা নিশ্চিত করা উচিত। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য যথাযথ যাচাই-বাছাই ও পুনর্বাসনের নিশ্চয়তা দাবি করে বলেন, প্রয়োজনে এই বিষয়গুলো সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যাবেন তিনি।
আজমল বলেন, দলের নির্দেশে তিনি রাজনীতির ময়দানে নেমে জনগণের সমর্থনে নির্বাচিত হয়েছেন। তাই মানুষের অধিকার আদায়ে লড়াই করবেন তিনি। অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নীতির সমালোচনা করে অভিযোগ করে বদরউদ্দিন বলেন, দেশজুড়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে।
এআইইউডিএফ নেতা আরও বলেন, মূল্যবৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বৃদ্ধি সাধারণ মানুষের অন্যতম বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি এবং জ্বালানির খরচ বাড়ার প্রসঙ্গ টেনে আজমল বলেন, এ সব কারণে সাধারণ মানুষের ওপর আর্থিক চাপ ক্রমাগত বেড়ে চলেছে।
আজমল জানান, মূল্যবৃদ্ধি, উচ্ছেদ অভিযান এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সমস্যাগুলি নিয়ে লাগাতার আওয়াজ তুলবে এআইইউডিএফ। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ন্যায়বিচার, পুনর্বাসন এবং সুরক্ষার দাবিতে দল আন্দোলন চালিয়ে যাবে।
প্রসঙ্গত, অসম সরকার ইতিমধ্যে জানিয়েছে, উচ্ছেদ অভিযানগুলি আদালতের নির্দেশে আইন মোতাবেক পরিচালিত হচ্ছে। সরকারি জমি পুনরুদ্ধার ও অবৈধ দখল মোকাবিলার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস