
ভুবনেশ্বর, ২২ জুন (হি.স.): তামিলনাড়ুর তিরুভল্লুরে অ্যামোনিয়া গ্যাস লিকের ঘটনায় সোমবার গভীর শোক প্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি আহত ওড়িয়া শ্রমিকদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
এক শোকবার্তায় মুখ্যমন্ত্রী বলেন, এই মর্মান্তিক ঘটনায় তিনি অত্যন্ত ব্যথিত। ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাঁদের পরিবারের পাশে ওড়িশা সরকার সবসময় রয়েছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা করা হবে।
রাজ্য সরকার ইতিমধ্যেই তামিলনাড়ু প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে ওড়িশার মুখ্যসচিব অনু গর্গ তামিলনাড়ুর মুখ্যসচিবের সঙ্গে কথা বলে আহত শ্রমিকদের চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তার বিষয়টি নিশ্চিত করার অনুরোধ জানান।
এদিকে, দুর্ঘটনায় আক্রান্ত ওড়িয়া শ্রমিক এবং তাঁদের পরিবারের পাশে দাঁড়াতে ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় বজায় রাখতে ওড়িশা সরকারের তিন জন শীর্ষ আধিকারিককে তড়িঘড়ি তিরুভল্লুরে পাঠানো হয়েছে। তাঁরা ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ ও সহায়তা কার্যক্রম তদারকির পাশাপাশি ক্ষতিগ্রস্ত শ্রমিকদের প্রয়োজনীয় সহযোগিতা করবেন।
ওড়িশা সরকার জানিয়েছে, এই সংকটের সময় ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাঁদের পরিবারের যাতে কোনও অসুবিধার সম্মুখীন হতে না হয়, তার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য