
কোচবিহার, ২২ জুন (হি.স.): তৃণমূল কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করলেন কোচবিহার পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভূষণ সিং। সোমবার একটি সাংবাদিক বৈঠক ডেকে দল ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেন তিনি। তবে দল ছাড়লেও কাউন্সিলর পদ থেকে তিনি ইস্তফা দিচ্ছেন না বলে স্পষ্ট করে দিয়েছেন। ভূষণ সিংয়ের এই সিদ্ধান্তে স্থানীয় রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে।
সাংবাদিক বৈঠকে নিজের অবস্থান স্পষ্ট করে কাউন্সিলর জানান, তিনি মূলত নির্দল প্রার্থী হিসেবেই ভোটে লড়েছিলেন এবং জয়ী হয়েছিলেন। পরবর্তীকালে তিনি শাসকদল তৃণমূলে যোগ দেন। এলাকার মানুষের স্বার্থর কথা মাথায় রেখেই তিনি কাউন্সিলর পদ ছাড়ছেন না। এখন থেকে আবার নির্দল কাউন্সিলর হিসেবেই সাধারণ মানুষকে পরিষেবা দেবেন বলে জানান তিনি। ভবিষ্যতে অন্য কোনও রাজনৈতিক দলে তাঁর যোগ দেওয়ার কোনও পরিকল্পনা নেই বলেও স্পষ্ট করে দিয়েছেন ভূষণ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ