
হুগলি , ২২ জুন (হি.স.) : নতুন সরকারের প্রথম বাজেটেই চমক। জনমুখী একাধিক ঘোষণার পাশাপাশি দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে কামারপুকুরকে পৌরসভা হিসেবে ঘোষণার সিদ্ধান্তে উচ্ছ্বাসে ফেটে পড়লেন এলাকার সাধারণ মানুষ। বাজেট ঘোষণার পর থেকেই গোটা কামারপুকুর জুড়ে তৈরি হয়েছে উৎসবের আবহ।
বহু বছর ধরে কামারপুকুরকে পৌরসভার মর্যাদা দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। অবশেষে সেই দাবি পূরণ হওয়ায় খুশির জোয়ার নেমেছে সর্বস্তরের মানুষের মধ্যে। শুধু শাসক দলের কর্মী-সমর্থকরাই নন, দলমত নির্বিশেষে সাধারণ মানুষও এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন।
এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে সোমবার বিকেলে কামারপুকুর লাহাবাজার মাঠ থেকে কামারপুকুর চটি পর্যন্ত এক বর্ণাঢ্য আনন্দ মিছিলের আয়োজন করা হয়। হাতে ব্যানার, মুখে উন্নয়নের স্লোগান আর ঢাকের তালে তালে এগিয়ে চলে মিছিল। এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে এই আনন্দযাত্রায় শামিল হন।
মিছিলে উপস্থিত ছিলেন গোঘাট বিধানসভার বিধায়ক প্রশান্ত দিগার। তিনি বলেন, “কামারপুকুরের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন আজ বাস্তব রূপ পেয়েছে। পৌরসভা গঠনের মাধ্যমে এলাকার পরিকাঠামো, নাগরিক পরিষেবা ও সামগ্রিক উন্নয়নে নতুন দিগন্ত খুলে যাবে।”
এদিন সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্ব, বুদ্ধিজীবী মহল এবং কামারপুকুরের প্রবীণ বাসিন্দারাও রাস্তায় নেমে আনন্দ ভাগ করে নেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাঁরা বলেন, এই সিদ্ধান্ত শুধু প্রশাসনিক স্বীকৃতি নয়, কামারপুকুরবাসীর আত্মমর্যাদা ও দীর্ঘদিনের আন্দোলনের সাফল্যের প্রতীক।
নতুন সরকারের প্রথম বাজেটের এই ঘোষণায় স্পষ্ট, উন্নয়নের ডালি এবার পৌঁছে যাচ্ছে রাজ্যের প্রান্তে প্রান্তে। আর সেই উন্নয়নের নতুন অধ্যায়ের সাক্ষী হয়ে রইল ঐতিহ্যবাহী কামারপুকুর।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA