
কলকাতা, ২৪ জুন (হি.স.): গভীর রাতে তল্লাশি অভিযান। একযোগে তিনটি জায়গায় তল্লাশি চালানোর পর আমতা বোমা বিস্ফোরণ কাণ্ডে দুই মূল অভিযুক্তকে গ্রেফতার করল এনআইএ। বুধবার জারি করা এক বিবৃতিতে এনআইএ জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে তল্লাশি চালিয়ে আফসার ও এন্তাজুল নামের দুই মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। দু'জনেই হাওড়ার আমতা এলাকার বাসিন্দা। তাঁদের চক্রান্তেই চন্দ্রপুর এলাকায় বেআইনিভাবে বোমা বাঁধার কাজ চলছিল।
প্রসঙ্গত, ২০২২ সালে ২৩ ফেব্রুয়ারি আমতা থানা এলাকায় তৃণমূলের পার্টি অফিসে বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটেছিল৷ সেই বিস্ফোরণে জখম হয়ে কয়েকদিন পর শেখ মহরম আলি মারা যান। আহত হয়েছিলেন আরও তিনজন। তাঁর বাবা সরাবত আলি পুলিশে অভিযোগ জানাতে গেলে পুলিশ এফআইআর নেয়নি বলে অভিযোগ ওঠে। উল্টে তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হয়। তাঁর নামে নতুন অভিযোগ দায়ের হয়। সরাবত আলি এই মামলায় আদালতে এনআইএ তদন্তের আবেদন করেন আদালতে৷
উল্লেখ্য, এই মামলায় চারজন অভিযুক্তকে আগেই গ্রেফতার করা হয়েছে এবং চার্জশিট দাখিল করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ