টিউশন পড়তে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দ্বাদশ শ্রেণির ছাত্রের
বসিরহাট, ২৪ জুন (হি. স.): উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার মাটিয়া থানার অন্তর্গত চাঁপাপুকুর গ্রাম পঞ্চায়েত এলাকার রাজাপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক দ্বাদশ শ্রেণির ছাত্রের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গ
বাইক দুর্ঘটনা


বসিরহাট, ২৪ জুন (হি. স.): উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার মাটিয়া থানার অন্তর্গত চাঁপাপুকুর গ্রাম পঞ্চায়েত এলাকার রাজাপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক দ্বাদশ শ্রেণির ছাত্রের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।বুধবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাজিপোতা এলাকার বাসিন্দা রিয়াজ নামে ওই ছাত্র বুধবার টিউশন পড়তে যাওয়ার উদ্দেশ্যে মোটরবাইক নিয়ে চাঁপাপুকুরের দিকে রওনা হয়। রাজাপুর পেট্রোল পাম্পের কাছে পৌঁছতেই বিপরীত দিক থেকে আসা একটি বালি বোঝাই ভারী লরির সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়।প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি রাস্তার ধারে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতেও সজোরে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় রিয়াজকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা দ্রুত বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।ঘটনার খবর পেয়ে মাটিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত বাইক ও লরিটিকে উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার পর থেকেই লরির চালক পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই অকাল মৃত্যুর ঘটনায় পরিবার-পরিজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande