
গুয়াহাটি, ২৪ জুন (হি.স.) : হাফলং গ্রিড সাব-স্টেশন (জিএসএস) থেকে নিউ হাফলং ট্র্যাকশন সাব-স্টেশন (এনএইচএলজি টিএসএস) পর্যন্ত ১৩২ কেভি ট্রান্সমিশন লাইন সফলভাবে চালু করে সম্পূর্ণ রেলওয়ে বৈদ্যুতিকীকরণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে।
আজ বুধবার এক প্রেস বিবৃতিতে এ খবর দিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা। বিবৃতিতে তিনি জানান, ট্রান্সমিশন লাইনটি গত ১৭ জুন বেলা ০২:২২ মিনিটে চালু করা হয়েছে। এতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লামডিং-বদরপুর হিল সেকশনে রেলওয়ে বৈদ্যুতিকরণ প্রকল্পের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশের কাজ সমাপ্তির প্রতীক। নিউ হাফলং ট্র্যাকশন সাব-স্টেশন চালু করা, এই দুর্গম পাহাড়ি পথে বৈদ্যুতিক ট্রেন চলাচল শুরুর ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ। এই রেলপথটি বরাক উপত্যকা ও উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিকে দেশের অন্যান্য অংশের সাথে সংযুক্তকারী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রেল লিংক।
তিনি জানান, সফলভাবে বৈদ্যুতিকরণের সাথে সাথে, ট্র্যাকশন পাওয়ার সাপ্লাই ইনফ্রাস্ট্রাকচার সংক্রান্ত সমস্ত প্রধান ভৌতিক কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্পটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং বাধ্যতামূলক পরীক্ষা-নিরীক্ষা ও পরীক্ষামূলক চলাচল সম্পন্ন হওয়ার পর আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই সেকশনে বৈদ্যুতিক ট্রেন চলাচল শুরু হবে বলে আশা করা হচ্ছে।
লামডিং-বদরপুর হিল সেকশনে বৈদ্যুতিকরণের ফলে পরিচালনগত দক্ষতা বৃদ্ধি পাবে, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কম হবে, পণ্য ও যাত্রী পরিবহণের ক্ষমতা উন্নত হবে, রক্ষণাবেক্ষণ ব্যয় হ্রাস হবে এবং পরিবেশ অনুকূল রেলওয়ে পরিচালনে উল্লেখযোগ্য অবদান থাকবে।
উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে পরিকাঠামোর আধুনিকীকরণ এবং সমগ্র অঞ্চল জুড়ে দ্রুততর, পরিবেশ-বান্ধব ও অধিক দক্ষ রেল পরিষেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ বলে প্রেস বিবৃতি দাবি করেছেন বিভাগীয় মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস