বিনিয়োগে উৎসাহ দিতে নতুন নিয়ম আনছে পশ্চিমবঙ্গ সরকার, পড়শি রাজ্যগুলির সমান সুবিধা দেওয়া হবে: স্বপন দাশগুপ্ত
কলকাতা, ২৪ জুন (হি.স.) : রাজ্যে নতুন বিনিয়োগকে উৎসাহিত করার জন্য প্রয়োজনীয় নিয়মকানুন তৈরি করছে সরকার।পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বুধবার এমনটাই জানিয়েছেন । তিনি বলেন, বিনিয়োগকারীদের দেওয়া সরকারি সাহায্য ও সুযোগ-সুবিধা ওড়িশা ও অসমের মতো প
স্বপন দাশগুপ্ত


কলকাতা, ২৪ জুন (হি.স.) : রাজ্যে নতুন বিনিয়োগকে উৎসাহিত করার জন্য প্রয়োজনীয় নিয়মকানুন তৈরি করছে সরকার।পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বুধবার এমনটাই জানিয়েছেন । তিনি বলেন, বিনিয়োগকারীদের দেওয়া সরকারি সাহায্য ও সুযোগ-সুবিধা ওড়িশা ও অসমের মতো প্রতিবেশী রাজ্যগুলির সমকক্ষ হওয়া উচিত, যাতে বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সমান সুযোগ পায়।

অ্যাসোসিয়েটেড চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া (অ্যাসোচ্যাম)-র একটি অনুষ্ঠানে স্বপন দাশগুপ্ত বলেন, রাজ্যকে তার ইনসেনটিভ বা উৎসাহদান সংক্রান্ত পরিকাঠামো এমনভাবে তৈরি করতে হবে যাতে অসম কোনো অন্যায্য সুবিধা না পায় এবং ওড়িশাও যেন কেবল পশ্চিমবঙ্গের নীতিগত খামতির কারণে এগিয়ে যেতে না পারে। বিনিয়োগের জন্য সমস্ত পড়শি রাজ্যের মধ্যে একটি সমান প্রতিযোগিতামূলক পরিবেশ থাকা অত্যন্ত জরুরি।

অর্থমন্ত্রী বলেন, ওড়িশা এবং অসমের তুলনায় পশ্চিমবঙ্গকে শিল্পক্ষেত্রে হয়তো আরও বেশি ইনসেনটিভ দেওয়ার প্রয়োজন পড়তে পারে, কারণ শিল্পোন্নয়নের দৌড়ে রাজ্য কিছুটা পিছিয়ে পড়েছে। অতীতের খামতিগুলি পূরণ করতে রাজ্যকে অতিরিক্ত প্রচেষ্টা চালাতে হবে।

গত সোমবার রাজ্যের নতুন ভারতীয় জনতা পার্টি সরকারের প্রথম বাজেট পেশ করার সময় তিনি 'পশ্চিমবঙ্গ বিনিয়োগ উৎসাহ রূপরেখা' চালুর কথা ঘোষণা করেছিলেন। এই রূপরেখার মূল উদ্দেশ্য হলো অর্থনৈতিক বৃদ্ধিকে ত্বরান্বিত করা, শিল্প বিনিয়োগ বাড়ানো এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। এর অধীনে শিল্প করিডোরগুলির আশেপাশে ক্লাস্টার-ভিত্তিক শিল্পোন্নয়নের ওপর বিশেষ জোর দেওয়া হবে।

শিল্প সংগঠনগুলি এর আগে রাজ্যে শিল্প ইনসেনটিভ পুনর্বহালের দাবি জানিয়েছিল। তাদের বক্তব্য ছিল, পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস সরকারের আমলে ইনসেনটিভ প্রত্যাহার করে নেওয়ার ফলে বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস ধাক্কা খেয়েছিল এবং নীতিগত স্পষ্টতা কমে গিয়েছিল।

পূর্ববর্তী রাজ্য সরকারগুলির সমালোচনা করে স্বপন দাশগুপ্ত বলেন, পশ্চিমবঙ্গকে শিল্পায়নের ক্ষেত্রে দীর্ঘ অবনতির মুখোমুখি হতে হয়েছে, যা কোনো রাজ্যের জন্য অত্যন্ত অস্বাভাবিক পরিস্থিতি। জনস্বার্থ সংশ্লিষ্ট অর্থব্যবস্থার সঠিক পরিচালনা না হওয়ার কারণে রাজ্যের ওপর বিপুল ঋণের বোঝা চেপেছে এবং ব্যবসার পরিবেশও শিল্পের অনুকূলে ছিল না।

অর্থমন্ত্রী জোর দিয়ে বলেন, নতুন সরকারের সবচেয়ে বড় দায়িত্ব হলো এই বিশ্বাস ফিরিয়ে আনা যে পশ্চিমবঙ্গের সার্বিক কর্মসংস্কৃতিতে এক বড় পরিবর্তন এসেছে। রাজ্য এখন ব্যবসা-অনুকূল নীতি গ্রহণ করবে এবং রাজ্যের অর্থনীতিকে জাতীয় অর্থনীতির মূল স্রোতের সাথে আরও দৃঢ়ভাবে যুক্ত করবে।

তিনি বলেন, শিল্পের যুক্তিযুক্ত উদ্বেগগুলি শোনা এবং সেগুলির সমাধান করা সরকারের দায়িত্ব। স্বপন দাশগুপ্ত স্পষ্ট জানান, সরকার নিরপেক্ষ থাকার পরিবর্তে স্পষ্টতই ব্যবসা-অনুকূল অবস্থান নেবে এবং আগামী দিনে পশ্চিমবঙ্গে এই পরিবর্তন প্রতিফলিত হবে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande