
হাফলং (অসম), ২৪ জুন (হি.স.) : প্রস্তাবিত আসাম পিএসপিও-৪ (১২০০ মেগাওয়াট) ওপেন লুপ পাম্পড স্টোরেজ প্রকল্প বাস্তবায়নকে কেন্দ্র করে আজ বুধবার ডিমা হাসাও জেলার মতি হোজাই এবং মতি লাম্পু গ্রাম পরিদর্শন ও জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন ডিমা হাসাওয়ের জেলাশাসক গায়ত্রী দেবীদাস হাইলিঙে।
প্রকল্পটি আসাম পাওয়ার ড্রিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (এপিডিসিএল)-এর মালিকানাধীন এবং এর প্রস্তাবিত উৎপাদন ক্ষমতা ১২০০ মেগাওয়াট। পরিদর্শনকালে জেলাশাসক দুই গ্রামের বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করে প্রকল্প সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি স্থানীয় জনগণের মতামত, উদ্বেগ ও পরামর্শ সংগ্রহ করে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকল্পের সম্ভাব্য প্রভাব, উন্নয়নমূলক সুযোগ-সুবিধা এবং স্থানীয় জনগণের স্বার্থ সংরক্ষণের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। গ্রামের বাসিন্দারাও তাঁদের বিভিন্ন মতামত ও প্রত্যাশার কথা জেলা প্রশাসনের কাছে তুলে ধরেছেন।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব