মুজফ্ফরনগরে বন্ডেড লেবারের ঘটনা, কেন্দ্র ও রাজ্যকে নিশানা রাহুলের
নয়াদিল্লি, ২৪ জুন (হি.স.) : উত্তর প্রদেশের মুজফ্ফরনগরে ১৩ জন শ্রমিককে দীর্ঘদিন ধরে বন্ডেড লেবার হিসেবে আটকে রেখে নির্যাতনের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বুধবার তিনি বলেন, এটি কোনও সাধারণ অপরাধ নয়, বরং ভেঙে পড়া অর্
মুজফ্ফরনগরে বন্ডেড লেবারের ঘটনা, কেন্দ্র ও রাজ্যকে নিশানা রাহুলের


নয়াদিল্লি, ২৪ জুন (হি.স.) : উত্তর প্রদেশের মুজফ্ফরনগরে ১৩ জন শ্রমিককে দীর্ঘদিন ধরে বন্ডেড লেবার হিসেবে আটকে রেখে নির্যাতনের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বুধবার তিনি বলেন, এটি কোনও সাধারণ অপরাধ নয়, বরং ভেঙে পড়া অর্থনীতির ভয়াবহ প্রতিচ্ছবি।

প্রসঙ্গত, চাকরির প্রলোভন দেখিয়ে ১৩ জন শ্রমিককে প্রায় দু'বছর ধরে আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ। তাঁদের দিয়ে বিনা মজুরিতে কাজ করানো হতো। লাঠি, বেল্ট দিয়ে মারধর করার পাশাপাশি রটওয়েলার কুকুর লেলিয়ে দেওয়া, বর্শা দিয়ে আঘাত করা, চাবুক মারা এবং গবাদি পশুর খাবার খেতে বাধ্য করার অভিযোগও উঠেছে। এক শ্রমিক পালিয়ে গিয়ে পুলিশের কাছে খবর দিলে অভিযানে বাকি শ্রমিকদের উদ্ধার করা হয়।

ঘটনার তীব্র নিন্দা করে রাহুল বলেন, শ্রমিকদের উপর এই বর্বরোচিত নির্যাতন মানবিক মর্যাদার উপর সরাসরি আঘাত। অভিযুক্তদের কঠোর শাস্তির পাশাপাশি নির্যাতিতদের পুনর্বাসনের দাবি জানান তিনি। একইসঙ্গে প্রশ্ন তোলেন, কী পরিস্থিতিতে শ্রমিকরা এমন শোষণের ফাঁদে পড়তে বাধ্য হন।

রাহুল গান্ধীর অভিযোগ, কেন্দ্র ও রাজ্য সরকারের নীতির ফলেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাঁর দাবি, কর্মসংস্থান কমে যাওয়া, আয় স্থবির হয়ে পড়া এবং মনরেগা ও শ্রম আইন-সহ শ্রমিকদের সুরক্ষার ব্যবস্থা দুর্বল হয়ে যাওয়ায় দরিদ্র মানুষ অসহায় হয়ে পড়ছেন। বিকল্প জীবিকার অভাবে তাঁরা সহজেই শোষণের শিকার হচ্ছেন বলেও মন্তব্য করেন কংগ্রেস নেতা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande