১ জুলাই থেকে দেশে চালু হচ্ছে ‘ভিবি-জি রামজি আইন’, গ্রামীণ পরিবার পাবে বছরে ১২৫ দিনের কর্মসংস্থানের আইনি গ্যারান্টি
নয়াদিল্লি, ২৪ জুন (হি.স.) : আগামী ১ জুলাই থেকে সারা দেশে কার্যকর হতে চলেছে কেন্দ্র সরকারের ‘বিকশিত ভারত-রোজগার অ্যান্ড লাইভলিহুড গ্যারান্টি মিশন (গ্রামীণ) আইন, ২০২৫’ (ভিবি-জি রামজি আইন)। এই আইনের আওতায় প্রত্যেক গ্রামীণ পরিবারকে প্রতি অর্থবর্ষে ন্
১ জুলাই থেকে দেশে চালু হচ্ছে ‘ভিবি-জি রামজি আইন’, গ্রামীণ পরিবার পাবে বছরে ১২৫ দিনের কর্মসংস্থানের আইনি গ্যারান্টি


নয়াদিল্লি, ২৪ জুন (হি.স.) : আগামী ১ জুলাই থেকে সারা দেশে কার্যকর হতে চলেছে কেন্দ্র সরকারের ‘বিকশিত ভারত-রোজগার অ্যান্ড লাইভলিহুড গ্যারান্টি মিশন (গ্রামীণ) আইন, ২০২৫’ (ভিবি-জি রামজি আইন)। এই আইনের আওতায় প্রত্যেক গ্রামীণ পরিবারকে প্রতি অর্থবর্ষে ন্যূনতম ১২৫ দিনের কর্মসংস্থানের আইনি গ্যারান্টি দেওয়া হবে।

গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের মতে, গ্রামের সামগ্রিক উন্নয়নের জন্য বিভিন্ন মন্ত্রক ও সরকারি প্রকল্পকে সমন্বিতভাবে বাস্তবায়ন করা হবে, যাতে উন্নয়নমূলক কাজ দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন হয়। এই লক্ষ্যেই বুধবার গ্রামীণ উন্নয়ন বিভাগের সচিব রোহিত কাঁসালের সভাপতিত্বে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ১৮টি মন্ত্রক ও বিভাগের প্রতিনিধিরা অংশ নেন।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি গ্রাম নিজেদের প্রয়োজন অনুযায়ী উন্নয়ন পরিকল্পনা তৈরি করবে। এরপর কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের অর্থ ও সম্পদ একত্রিত করে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এই পদ্ধতিকে ‘এক পরিকল্পনা, একাধিক উৎস থেকে অর্থায়ন’ মডেল হিসেবে তুলে ধরা হয়েছে।

নতুন ব্যবস্থায় গ্রামসভা ও পঞ্চায়েত উন্নয়নের অগ্রাধিকার নির্ধারণ করবে। এর মধ্যে থাকবে পানীয় জল ও জলসংরক্ষণ, সড়ক ও অন্যান্য পরিকাঠামো, কর্মসংস্থান ও জীবিকা বৃদ্ধি, পাশাপাশি বন্যা, খরা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার ব্যবস্থা।

মন্ত্রক জানিয়েছে, এই আইনের অধীনে বাস্তবায়নের জন্য ৩১৮ ধরনের উন্নয়নমূলক কাজের তালিকা প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে রয়েছে জল সংরক্ষণ, সেচব্যবস্থা, গ্রামীণ সড়ক নির্মাণ, কমিউনিটি ভবন, কর্মসংস্থানমুখী সম্পদ সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রকল্প।

সরকারের দাবি, নতুন এই ব্যবস্থার ফলে বিভিন্ন সরকারি প্রকল্পের মধ্যে সমন্বয় বাড়বে, সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত হবে এবং গ্রামীণ উন্নয়নের গতি আরও বৃদ্ধি পাবে। একই সঙ্গে পঞ্চায়েতের ভূমিকা আগের তুলনায় আরও শক্তিশালী হবে।

উল্লেখ্য, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি প্রকল্পের (মনরেগা) পরিবর্তে এই ভিবি-জি রামজি আইন, ২০২৫ কার্যকর করা হচ্ছে। সংসদের উভয় কক্ষে বিলটি পাস হওয়ার পর রাষ্ট্রপতি ২০২৫ সালের ২১ ডিসেম্বর এতে সম্মতি দেন।

আগামী ১ জুলাই থেকে সারা দেশে এই আইন কার্যকর হওয়ার মাধ্যমে গ্রামীণ উন্নয়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রে একটি নতুন মডেলের সূচনা হতে চলেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande