
সুরাট, ২৪ জুন (হি.স.): কাতারের রাস লাফফান ইন্ডাস্ট্রিয়াল সিটির গ্যাস প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণে গুজরাটের সুরাটের বাসিন্দা সানি প্যাটেলের মৃত্যুর সরকারি নিশ্চিতকরণ হয়েছে। ঘটনার পর থেকে তাঁর নিরাপদে ফেরার আশায় দিন গুনছিল পরিবার। কিন্তু মৃত্যুর খবর পৌঁছতেই শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার ও এলাকায়।
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, সানি প্যাটেলের ভাই রবি প্যাটেল কাতারে গিয়ে তাঁর মরদেহ শনাক্ত করেছেন। ভারতীয় দূতাবাসের প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। বুধবার কাতার থেকে বিমানযোগে সানির মরদেহ প্রথমে আমদাবাদে আনা হবে। সেখান থেকে তা সুরাটে নিয়ে যাওয়া হবে।
পরিবারের সদস্যরা জানান, সানি কর্মস্থলে যাওয়ার আগে এবং ডিউটি শেষে স্ত্রীকে ফোন করতে কখনও ভুলতেন না। দুর্ঘটনার দিন রাতের শিফটে যাওয়ার আগেও তিনি স্ত্রীর সঙ্গে কথা বলে জানান যে কাজে যাচ্ছেন। সেটাই ছিল তাঁদের শেষ কথা। এরপর আর তাঁর সঙ্গে কোনও যোগাযোগ সম্ভব হয়নি। সেই শেষ ফোনালাপের স্মৃতি মনে করে বারবার ভেঙে পড়ছেন তাঁর স্ত্রী।
পরিবার সূত্রে আরও জানা গিয়েছে, বাবা ও বড় ভাইয়ের মৃত্যুর পর সংসারের আর্থিক দায়িত্ব কাঁধে তুলে নিতে সানি ও তাঁর ভাই কাতারে পাড়ি দিয়েছিলেন। সেখানে একটি শিল্প সংস্থায় মেকানিক্যাল ফিটার হিসেবে কর্মরত ছিলেন সানি। পরিবারের অধিকাংশ সদস্যই মহিলা। তাঁর অকালমৃত্যুতে পরিবার কার্যত দিশেহারা হয়ে পড়েছে।
উল্লেখ্য, গত ২১ জুন কাতারের রাস লাফফান এলএনজি উৎপাদন ও রফতানি কেন্দ্রে অবস্থিত একটি গ্যাস প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণে বহু কর্মী হতাহত হন। ওই দুর্ঘটনায় সানি প্যাটেলও গুরুতরভাবে আহত হয়েছিলেন। পরে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কাতার কর্তৃপক্ষ। এই ঘটনার পর সুরাটের ডুমস এলাকার পাশাপাশি গোটা শহরেই শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য