ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির বিরোধিতায় পঞ্জাবের ২১ জেলায় কৃষকদের বিক্ষোভ
চণ্ডীগড়, ২৪ জুন (হি.স.) : ভারত-আমেরিকা প্রস্তাবিত বাণিজ্য চুক্তির বিরোধিতায় বুধবার পঞ্জাবের ২১ জেলায় ব্যাপক বিক্ষোভে সামিল হলেন কৃষকরা। বিভিন্ন কৃষক সংগঠনের ডাকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। একাধিক জায়গায় কেন্দ
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির বিরোধিতায় পঞ্জাবের ২১ জেলায় কৃষকদের বিক্ষোভ


চণ্ডীগড়, ২৪ জুন (হি.স.) : ভারত-আমেরিকা প্রস্তাবিত বাণিজ্য চুক্তির বিরোধিতায় বুধবার পঞ্জাবের ২১ জেলায় ব্যাপক বিক্ষোভে সামিল হলেন কৃষকরা। বিভিন্ন কৃষক সংগঠনের ডাকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। একাধিক জায়গায় কেন্দ্র সরকার এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুশপুতুলও দাহ করা হয়।

অমৃতসরে কৃষক নেতা সর্বণ সিং পন্ধেরের নেতৃত্বে শতাধিক কৃষক বিজেপি কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, আগামী জুলাই মাসের শেষের দিকে এই বাণিজ্য চুক্তি কার্যকর করার প্রস্তুতি চলছে। অথচ কৃষক, খেতমজুর এবং দুগ্ধশিল্পের সঙ্গে যুক্তদের মতামত নেওয়া হয়নি।

সর্বণ সিং পন্ধেরের দাবি, এই চুক্তি কার্যকর হলে পঞ্জাব-সহ দেশের কৃষক, খেতমজুর ও দুগ্ধশিল্পের সঙ্গে যুক্ত মানুষের আর্থিক ক্ষতি হবে। বিদেশি কৃষিপণ্য ও দুগ্ধজাত পণ্যের জন্য বাজার খুলে গেলে দেশীয় কৃষি ও দুগ্ধশিল্প চাপে পড়বে এবং কৃষকদের আয় কমে যাবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

কিষাণ মজদুর মোর্চার ডাকে অমৃতসর, বঠিণ্ডা, ফরিদকোট, ফিরোজপুর, ফাজিলকা, গুরুদাসপুর, হোশিয়ারপুর, জালন্ধর, কাপুরথলা, লুধিয়ানা, মালেরকোটলা, মানসা, মোগা, শ্রী মুক্তসর সাহিব, পাঠানকোট, পাটিয়ালা, রূপনগর, মোহালি, সাঙ্গরুর, শহিদ ভগৎ সিং নগর এবং তরনতারন-সহ মোট ২১ জেলায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। একাধিক স্থানে বিজেপি কার্যালয় ও বিজেপি নেতাদের বাড়ির সামনেও প্রতিবাদ জানানো হয়।

কৃষক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি প্রত্যাহার না হলে আন্দোলন আরও জোরদার করা হবে। কৃষি ও কৃষকদের স্বার্থ রক্ষায় তাঁরা বৃহত্তর আন্দোলনের পথেই হাঁটবেন বলেও জানান।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande