
ঝাড়গ্রাম, ২৪ জুন (হি.স.) : দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বেহাল হয়ে পড়া গ্রামীণ সড়কের সংস্কারের দাবিতে বুধবার বিক্ষোভে সামিল হলেন ঝাড়গ্রাম ব্লকের রাধানগর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। রাস্তা মেরামতির দাবিতে জয়নগর ও মাটিহানার মোড়ে দহিজুড়ি–বৈতা সড়ক অবরোধ করেন তাঁরা। আন্দোলনে অংশ নেয় এলাকার স্কুলপড়ুয়ারাও। প্রায় এক ঘণ্টা অবরোধ চলার পর প্রশাসনের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুলডিহা, মাটিহানা, জয়নগর, তেঁতুলডাঙা ও বিন্দুকাটা-সহ আশপাশের একাধিক গ্রামের মানুষের যাতায়াতের অন্যতম প্রধান ভরসা দহিজুড়ি–বৈতা এবং মাটিহানা–সেবায়তন সড়ক। দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে রাস্তা দুটির বিভিন্ন অংশে বড় বড় গর্ত ও খানাখন্দ তৈরি হয়েছে। কোথাও পিচ উঠে পাথর বেরিয়ে এসেছে, আবার কোথাও রাস্তার অবস্থা এতটাই খারাপ যে যান চলাচল কার্যত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
গ্রামবাসীদের অভিযোগ, সেবায়তন এলাকায় স্কুল, পলিটেকনিক কলেজ, আইটিআই, স্বাস্থ্যকেন্দ্র ও বাজার থাকায় প্রতিদিন বহু মানুষকে এই রাস্তা ব্যবহার করতে হয়। সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন ছাত্রছাত্রীরা। বর্ষাকালে বৃষ্টির জলে গর্ত ঢেকে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়। ইতিমধ্যেই একাধিক ছোটখাটো দুর্ঘটনাও ঘটেছে বলে দাবি স্থানীয়দের।
মাটিহানার বাসিন্দা কার্তিক মাহাতো বলেন, ‘‘বহু গ্রামের মানুষ এই দুই রাস্তার উপর নির্ভরশীল। দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের পাশাপাশি পড়ুয়ারাও চরম সমস্যায় পড়ছে। দ্রুত সংস্কারের ব্যবস্থা না হলে পরিস্থিতি আরও জটিল হবে।’’
বিক্ষোভকারীদের দাবি, বর্ষার মরসুমে রাস্তার অবস্থা আরও খারাপ হওয়ার আগেই প্রশাসন জরুরি ভিত্তিতে সংস্কারের কাজ শুরু করুক। অন্যথায় আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো