
মরিগাঁও (অসম), ২৪ জুন (হি.স.) : মরিগাঁও জেলার বাসিন্দা জনৈক তরুণীর ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। সাগরিকা ডেকা নামের তরুণীর অকালমৃত্যুতে পরিবার ও স্থানীয় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এনেছে। পাশাপাশি চলতি বর্ষা মরশুমে ডেঙ্গি রোগের দ্রুত শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসা নিয়ে প্রশ্ন ও উদ্বেগ সৃষ্টি করেছে।
জানা গেছে, মরিগাঁও জেলার গোসরগুড়ি গ্রামের বাসিন্দা সাগরিকা ডেকা বিগত কয়েক বছর ধরে ‘এম বাজার’ নামের এক প্রতিষ্ঠনে কৰ্মরত ছিলেন। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। পারিবারিক সূত্রে জানা গেছে চলতি জুন মাসের ৭ তারিখে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পর থেকে সাগরিকা অসুস্থ বোধ করেন।
শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে চিকিৎসার জন্য প্রথমে তাঁকে মরিগাঁও সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিবারের সদস্যদের অভিযোগ, উপসর্গ থাকা সত্ত্বেও হাসপাতালে তাঁর কোনও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়নি। পরে শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাঁকে গুয়াহাটিতে অবস্থিত ইএসআইসি মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। ইএসআইসি মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তিনি ডেঙ্গি-আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত করেন।
ডেঙ্গি ধরা পড়ার পর উন্নত চিকিৎসার জন্য সাগরিকাকে মেট্রো হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাঁকে আইসিইউতে ভর্তি করে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়। কিন্তু দীর্ঘ লড়াইয়ের পর মঙ্গলবার (২৩ জুন) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাগরিকা ডেকা।
পরিবারের সদস্যরা জানান, সাগরিকাই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তিনি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করে বাবা-মা ও ভাই সহ পরিবারের ভরণপোষণের দায়িত্ব পালন করছিলেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস