
মেক্সিকো সিটি, ২৭ জুন (হি.স.) : ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর ক্ষয়ক্ষতির পরিমাণ আরও স্পষ্ট হয়ে উঠছে। দেশটির জাতীয় সংসদের স্পিকার হোর্হে রদ্রিগেজ জানিয়েছেন, ভূমিকম্পে এখনও পর্যন্ত মোট ১,৪২৩টি পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে হাসপাতাল, সরকারি-বেসরকারি ভবন এবং শতাধিক আবাসন। একই সঙ্গে মৃতের সংখ্যা বেড়ে ৯২০-তে পৌঁছেছে। আহত হয়েছেন ৩,৩৬০ জনেরও বেশি।
সরকারি টেলিভিশন ভিটিভি-তে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রদ্রিগেজ জানান, ক্ষতিগ্রস্ত পরিকাঠামোর মধ্যে রয়েছে তিনটি হাসপাতাল, ২৫টি শপিং মল, ১,০০২টি অন্যান্য সরকারি ও বেসরকারি স্থাপনা এবং ৩৮০টি একক ও বহুতল আবাসন। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে উপকূলবর্তী লা গুয়াইরা প্রদেশে।
গত বুধবার পরপর ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ভেনেজুয়েলা। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর তথ্য অনুযায়ী, কম্পনের জেরে রাজধানী কারাকাস-সহ বিস্তীর্ণ এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৪০০টি আবাসিক ভবন সম্পূর্ণ ধ্বংস হয়েছে। একাধিক হাসপাতাল ও গুরুত্বপূর্ণ পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় জরুরি পরিষেবাও ব্যাহত হয়েছে। দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
কারাকাস এবং লা গুয়াইরার ধ্বংসস্তূপে এখনও উদ্ধার অভিযান চলছে। উদ্ধারকারীরা জীবিত আটকে পড়া মানুষের খোঁজে দিনরাত তল্লাশি চালাচ্ছেন। বহু জায়গা থেকে এখনও আর্তনাদ শোনা যাচ্ছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।
এদিকে, এই বিপর্যয়ের পর ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়েছে ভারত-সহ একাধিক দেশ। ভারত ‘অপারেশন আমিস্টাড’ শুরু করে ত্রাণ ও মানবিক সহায়তা পাঠিয়েছে। এই অভিযানের আওতায় খাদ্যসামগ্রী, ওষুধ, প্রয়োজনীয় ত্রাণসামগ্রী এবং উদ্ধারকাজে সহায়ক সরঞ্জাম পাঠানো হয়েছে। একই সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও শোকবার্তা জানিয়ে ভেনেজুয়েলাকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য