হায়দরাবাদে ট্রাম্পের নামে রাস্তা, ভারতকে ধন্যবাদ জানালেন মার্কিন প্রেসিডেন্ট
ওয়াশিংটন, ২৭ জুন (হি.স.) : হায়দরাবাদে মার্কিন কনস্যুলেট সংলগ্ন একটি রাস্তার নাম ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’ রাখার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ভারতকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ তিনি এই
হায়দরাবাদে ট্রাম্পের নামে রাস্তা, ভারতকে ধন্যবাদ জানালেন মার্কিন প্রেসিডেন্ট


ওয়াশিংটন, ২৭ জুন (হি.স.) : হায়দরাবাদে মার্কিন কনস্যুলেট সংলগ্ন একটি রাস্তার নাম ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’ রাখার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ভারতকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ তিনি এই সম্মানকে ‘ব্যতিক্রমী স্বীকৃতি’ বলে উল্লেখ করে দাবি করেছেন, ভারতের মাটিতে তাঁর নামাঙ্কিত রাস্তা হওয়া প্রথম কোনও মার্কিন প্রেসিডেন্ট তিনি।

শুক্রবার ট্রাম্প ট্রুথ সোশ্যালে উদ্বোধনী অনুষ্ঠানের একটি ছবি পোস্ট করে লেখেন, “হায়দরাবাদে নতুন ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ। ভারতের পক্ষ থেকে এই ধরনের সম্মান পাওয়া প্রথম মার্কিন প্রেসিডেন্ট আমি। ভারতকে ধন্যবাদ।”

হায়দরাবাদের মার্কিন কনস্যুলেটের পাশ দিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ সড়কটির নতুন নামকরণ করা হয়েছে ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ। শহরের অন্যতম গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও বাণিজ্যিক করিডর হিসেবে পরিচিত এই এলাকায় মাইক্রোসফ্ট, গুগল, অ্যামাজন-সহ একাধিক মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থার কার্যালয় রয়েছে।

চলতি সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচন করেন তেলঙ্গানার উপ-মুখ্যমন্ত্রী মাল্লু ভট্টি বিক্রমার্কা এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। অনুষ্ঠানে দুই দেশের কূটনৈতিক ও প্রশাসনিক প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

তেলঙ্গানা সরকারের বক্তব্য, ভারত ও আমেরিকার ক্রমবর্ধমান কৌশলগত, অর্থনৈতিক এবং প্রযুক্তিগত অংশীদারিত্বের প্রতীক হিসেবেই এই নামকরণ করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক প্রযুক্তি কেন্দ্র হিসেবে হায়দরাবাদের গুরুত্ব এবং মার্কিন সংস্থাগুলির সঙ্গে শহরের গভীর সম্পর্ককেও তুলে ধরাই এর উদ্দেশ্য।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, বিনিয়োগ এবং জন-জন সংযোগের মতো বিভিন্ন ক্ষেত্রে ভারত-আমেরিকা সম্পর্ক আরও জোরদার হয়েছে। হায়দরাবাদে মার্কিন কনস্যুলেট এবং বহু বহুজাতিক মার্কিন সংস্থার উপস্থিতির কারণে শহরটি দুই দেশের সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে উঠে এসেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande