
গান্ধীনগর, ২৭ জুন (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ শনিবার গান্ধীনগরের মহাত্মা মন্দিরে গুজরাটের ১৪টি প্রধান শহরে সমবায়-ভিত্তিক ট্যাক্সি পরিষেবা ‘ভারত ট্যাক্সি’-র সূচনা করেন। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ও উপ-মুখ্যমন্ত্রী হর্ষ সাংভি-র পাশাপাশি সমবায় সেক্টরের প্রতিনিধি এবং ৪,০০০-এরও বেশি সারথী অংশগ্রহণ করেন।
সমবায়-ভিত্তিক ট্যাক্সি পরিষেবা 'ভারত ট্যাক্সি'-র উদ্বোধনী অনুষ্ঠানে শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, এটি চালু করার মূল কারণ হলো এটা নিশ্চিত করা যে, আমাদের 'সারথী' (চালক) বা গ্রাহক—কেউই যেন কোনও ধরনের শোষণের শিকার না হন। দ্বিতীয়ত, এর লক্ষ্য হলো আমাদের 'সারথী'-দের মর্যাদা নিশ্চিত করা, যাতে তাঁদের কেবল অ্যাপ-ভিত্তিক নিবন্ধনের ওপর নির্ভর করে থাকতে না হয়। এখন আমি গর্বের সঙ্গে বলতে পারি, 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে যুক্ত সাত লক্ষ অংশীদারই এর মালিক—তাঁরা সবাই শেয়ারহোল্ডার। এই মালিকানা মর্যাদা, নিরাপত্তা এবং সমৃদ্ধির প্রতিশ্রুতি বয়ে আনে। এই তিনটি বিষয়কে অন্তর্ভুক্ত করার লক্ষ্যেই 'ভারত ট্যাক্সি'-র ধারণাটি আনা হয়েছিল। ইতিমধ্যে কয়েকটি জায়গায় পরীক্ষামূলকভাবে 'ভারত ট্যাক্সি' চালু করা হয়েছে এবং আজ গুজরাটে এর আনুষ্ঠানিক সূচনা হলো। আজ থেকে গুজরাটের সমস্ত প্রধান শহরে 'ভারত ট্যাক্সি'-র পরিষেবা আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে, যার আওতায় থাকছে দু-চাকার গাড়ি, অটো-রিকশা এবং চার-চাকার গাড়ি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ