
কলকাতা, ২৭ জুন (হি. স.) : প্রখ্যাত সঙ্গীত পরিচালক, সুরকার ও গায়ক রাহুলদেব বর্মণের জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করে তিনি কিংবদন্তি সঙ্গীত ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। মুখ্যমন্ত্রী লেখেন, “খ্যাতনামা সঙ্গীত পরিচালক, সুরকার ও গায়ক রাহুল দেব বর্মণের জন্মদিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।”ভারতীয় চলচ্চিত্রের সঙ্গীতজগতে রাহুলদেব বর্মণ, যিনি ‘পঞ্চম’ বা ‘আর ডি বর্মণ’ নামে সমধিক পরিচিত, এক যুগান্তকারী নাম। আধুনিক সুরসৃষ্টির ধারা, অভিনব সংগীতায়োজন এবং পাশ্চাত্য ও ভারতীয় সঙ্গীতের সার্থক মেলবন্ধনের মাধ্যমে তিনি চলচ্চিত্রের সঙ্গীতকে নতুন মাত্রা দিয়েছিলেন। কিশোর কুমার, লতা মঙ্গেশকর এবং আশা ভোঁসলের কণ্ঠে তাঁর সুরে সৃষ্টি হয়েছে অসংখ্য কালজয়ী গান, যা আজও শ্রোতাদের সমানভাবে মুগ্ধ করে।ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম সেরা সঙ্গীত পরিচালক হিসেবে বিবেচিত আর ডি বর্মণের জন্মদিনে রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলের পাশাপাশি সামাজিক মাধ্যমেও তাঁকে স্মরণ করেন অসংখ্য অনুরাগী। শুভেন্দু অধিকারীর এই শ্রদ্ধাবার্তাও সেই স্মরণপর্বে নতুন সংযোজন হিসেবে উঠে এসেছে। তাঁর সৃষ্টির আবেদন আজও প্রজন্মের পর প্রজন্মকে সমানভাবে আকর্ষণ করে চলেছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত