
শিলিগুড়ি, ২৭ জুন (হি. স.) : উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মনে উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে নানা প্রশ্ন ও চিন্তা দেখা দেয়। কোন বিষয়ে পড়াশোনা করলে ভবিষ্যৎ উজ্জ্বল হবে, কোন বিশ্ববিদ্যালয় বেছে নেওয়া উচিত—এমন বহু প্রশ্নের সমাধান করতে শিলিগুড়িতে একটি একদিবসীয় ‘প্রি-কাউন্সেলিং অ্যান্ড এডুকেশন ফেয়ার-২০২৬’-এর আয়োজন করা হলো। শনিবার শিলিগুড়ির 'কোর্টইয়ার্ড বাই ম্যারিয়ট' হোটেলে অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল অ্যাকাডেমিক ইনস্টিটিউশনস, পশ্চিমবঙ্গ (এপিএআই, ডব্লিউবি)-এর উদ্যোগে এই শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়।
এই মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৫০টিরও বেশি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়, কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এখানে ছাত্রছাত্রীরা বিভিন্ন কোর্স, ভর্তি প্রক্রিয়া, স্কলারশিপ এবং প্লেসমেন্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য এক ছাদের নিচেই পেয়ে যাচ্ছেন। এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ ছাড়াও বহু প্রশাসনিক আধিকারিক এবং শিক্ষাবিদ উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখার সময় পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, রাজ্য সরকারের নিরন্তর প্রচেষ্টা রয়েছে যাতে ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য অন্য রাজ্যে বা বিদেশে যেতে না হয়। এ রাজ্যেই আন্তর্জাতিক মানের শিক্ষা দেওয়ার জন্য পরিকাঠামো আরও শক্তিশালী করা হচ্ছে, যার ফলে সময় এবং অর্থ দুই-ই বাঁচবে। মেলায় উপস্থিত বিশেষজ্ঞরা শিক্ষার্থীদের তাঁদের আগ্রহ, যোগ্যতা এবং ভবিষ্যৎ পরিকল্পনার ওপর ভিত্তি করে সঠিক কোর্স বেছে নেওয়ার জন্য প্রয়োজনীয় পরামর্শ দেন। পাশাপাশি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে অভিভাবক ও ছাত্রছাত্রীরা ভর্তি সংক্রান্ত জটিলতারও সহজ সমাধান খুঁজে পান। শিক্ষাবিদদের মতে, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে এই ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
হিন্দুস্থান সমাচার / সোনালি