
চেন্নাই, ২৭ জুন (হি.স.) : পোলিওমুক্ত ভারতের স্বীকৃতি অক্ষুণ্ণ রাখতে এবং পাঁচ বছরের কম বয়সি শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে রবিবার রাজ্যজুড়ে বার্ষিক পালস পোলিও টিকাকরণ অভিযান শুরু করছে তামিলনাড়ু সরকার। মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয় চেন্নাইয়ের পালাভাক্কমে অভিযানের আনুষ্ঠানিক সূচনা করবেন। এদিন তাঁর হাত দিয়েই কয়েক জন শিশুকে মুখে পোলিও টিকার ডোজ খাইয়ে কর্মসূচির উদ্বোধন করা হবে।
জাতীয় পালস পোলিও কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই অভিযানে রাজ্যের ৫২ লক্ষ ৯১ হাজারেরও বেশি শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। শনিবার স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগে টিকা নেওয়া থাকলেও পাঁচ বছরের কম বয়সি প্রতিটি শিশুকেই এদিন পোলিওর ডোজ খাওয়ানো হবে। কারণ, বারবার টিকা দেওয়ার মাধ্যমেই রোগ প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী হয় এবং পোলিও ভাইরাসের পুনঃপ্রবেশের আশঙ্কা কমে।
এই কর্মসূচি সফল করতে রাজ্যজুড়ে ৪৩ হাজার ৫১টি টিকাকরণ কেন্দ্র খোলা হয়েছে। সরকারি হাসপাতাল, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, স্কুল, বাস টার্মিনাস, রেলস্টেশন, টোল প্লাজা, চেকপোস্ট, বিমানবন্দর-সহ বিভিন্ন জনবহুল স্থানে এই বুথগুলি তৈরি করা হয়েছে, যাতে কোনও শিশুই টিকাকরণের বাইরে না থাকে।
এ ছাড়া দুর্গম গ্রাম, পাহাড়ি এলাকা এবং যোগাযোগে অসুবিধা রয়েছে এমন অঞ্চলের শিশুদের কাছে পৌঁছতে বিশেষ ভ্রাম্যমাণ স্বাস্থ্যদলও মোতায়েন করা হয়েছে। স্বাস্থ্য দফতরের দাবি, রাজ্যের প্রতিটি যোগ্য শিশুর কাছে পোলিও টিকা পৌঁছে দেওয়াই এই অভিযানের মূল লক্ষ্য।
অভিযান শুরুর আগে শনিবার পালাভাক্কমের উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখেন গ্রেটার চেন্নাই কর্পোরেশনের কমিশনার জি. এস. সমীরণ। তিনি স্বাস্থ্য ও পুরসভার আধিকারিকদের সঙ্গে বৈঠক করে টিকাকরণ কর্মসূচির প্রস্তুতি এবং সামগ্রিক ব্যবস্থাপনা পর্যালোচনা করেন।
উল্লেখ্য, ২০১৪ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতকে আনুষ্ঠানিকভাবে পোলিওমুক্ত দেশ হিসেবে স্বীকৃতি দেয়। তবে ভবিষ্যতে যাতে এই ভাইরাসের পুনঃসংক্রমণ না ঘটে এবং জনসমাজে রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় থাকে, সে কারণেই প্রতি বছর দেশজুড়ে পালস পোলিও টিকাকরণ কর্মসূচির আয়োজন করা হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য