
কলকাতা, ২৮ জুন (হি.স.): শনিবার মধ্যরাতে পার্ক সার্কাস স্টেশন চত্বরে চলল উচ্ছেদ অভিযান। পুলিশ ও আরপিএফকে সঙ্গে নিয়ে রেলের জমি দখলমুক্ত করতে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় একের পর এক অবৈধ দোকান-স্টল। শিয়ালদহ শাখার অন্যতম ব্যস্ত স্টেশন পার্ক সার্কাস। দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল, স্টেশনের ভিতরে ও বাইরে রেলের জমিতে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে অসংখ্য অবৈধ দোকান। দখলদারি ঘিরে ক্ষোভ ছিল নিত্যযাত্রীদের মধ্যেও।
চলতি মাসের শুরুতেই পার্ক সার্কাস স্টেশন চত্বরের দোকানদার ও ব্যবসায়ীদের নোটিস পাঠিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়। অভিযোগ, সময়সীমা পেরিয়ে গেলেও অনেক দোকান বা স্টল সরানো হয়নি। শনিবার রাত সাড়ে ১০টা নাগাদ পার্ক সার্কাস স্টেশন চত্বর ঘিরে ফেলে পুলিশ ও আরপিএফ। এলাকায় ব্যারিকেড বসানো হয়। এরপর অবৈধ উচ্ছেদ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। রেলের এই পদক্ষেপে যাত্রীদের একাংশ খুশি, আবার অনেকেই ভিন্ন মত পোষণ করেছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ