
কলকাতা, ২৮ জুন (হি. স.) : পাঁচশো বছরেরও বেশি প্রাচীন বৈষ্ণব ঐতিহ্যকে সামনে রেখে রবিবার দক্ষিণ কলকাতায় শুরু হল ‘কলকাতা চিঁড়া-দধি মহোৎসব’। পানিহাটির ঐতিহাসিক চিঁড়া-দধি উৎসবের ৫১০তম বর্ষপূর্তি উপলক্ষে ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের উদ্যোগে কলকাতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ দিন আরতি করে ও নারকেল ফাটিয়ে উৎসবের সূচনা করেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি বলেন, ‘‘শ্রীচৈতন্য মহাপ্রভুর আদর্শ সর্বত্র ছড়িয়ে পড়ুক।’’আয়োজকদের বক্তব্য, প্রায় ৫১০ বছর আগে শ্রীশ্রী নিত্যানন্দ প্রভুর নির্দেশে শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পানিহাটিতে হাজার হাজার মানুষের মধ্যে চিঁড়া-দধির প্রসাদ বিতরণের যে প্রথার সূচনা করেন, সেটা স্মরণ করে এই উৎসব। ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের ডিন ভগবান দাস জানান, ভক্তি, সেবা ও সমতার এই মহান ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে কলকাতায় এই মহোৎসবের সূচনা।
এদিনের অনুষ্ঠানে ২০০-রও বেশি ভক্তের অংশগ্রহণে বর্ণাঢ্য পদযাত্রা, মহানগর - সংকীর্তন এবং সর্বসাধারণের জন্য চিঁড়া-দধির প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। ট্রাস্টি সুমন্ত রুদ্রের কথায়, ‘‘এটি শুধু ধর্মীয় উৎসব নয়, ভালোবাসা, সেবা ও ভ্রাতৃত্ববোধের এক জীবন্ত ঐতিহ্য।’’
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত