
কলকাতা, ২৮ জুন (হি.স.): তারাতলা কাণ্ডে গ্রেফতার হয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে। রবিবার তাঁকে সঙ্গে নিয়েই তাঁর হাওড়ার বাড়িতে গেল কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দলের আধিকারিকরা। তদন্তকারীরা মনে করছেন, তাঁর ফ্ল্যাটে বিল্ডিংয়ের প্ল্যান সংক্রান্ত কোনও নথি পাওয়া গেলেও যেতে পারে।
ধৃত কালীচরণকে সঙ্গে নিয়ে রবিবার দুপুরে তাঁর বাড়িতে পৌঁছে যান সিটের তদন্তকারীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, হাওড়ার শিবপুরের দীনু মাস্টার লেনে বাড়ি সংস্কারের জন্য দীর্ঘদিন কালীচরণ তাঁর পরিবার নিয়ে কাছেই একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। সেই ফ্ল্যাটেই রবিবার তল্লাশি অভিযান চালানো হয়। বাড়ির তালা খুলতে তদন্তকারীদের সঙ্গে এদিন একজন চাবিওয়ালাও ছিলেন বলে জানা গিয়েছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ