
নগাঁও (অসম), ৩ জুন (হি.স.) : নগাঁও জেলার অন্তর্গত হেরাপাটি-তানপাড়া এলাকায় মাদকের ক্রমবর্ধমান কারবারকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা মাদকবিরোধী বিক্ষোভে শামিল হয়ে কথিত মাদক কারবারি সামসুল হকের বাড়িতে ভাঙচুর চালান। তাঁদের অভিযোগ, বারবার জানানো সত্ত্বেও পুলিশ এই মাদক কারবারির বিরুদ্ধে কোনও কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি।
এলাকায় নিষিদ্ধ মাদকদ্রব্যের অবাধ বিক্রি ও সেবনের বিরুদ্ধে বিপুল সংখ্যক মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানান। বিক্ষোভকারীরা সামসুল হক নামের এক অভিযুক্তের বাড়িতে হামলা চালান। তাঁদের অভিযোগ, সামসুল মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত।
বাসিন্দাদের দাবি, শামসুল হক সহ এলাকায় সক্রিয় একাধিক মাদকাসক্ত ও মাদক কারবারির বিরুদ্ধে তাঁরা বারবার পুলিশকে অবহিত করেছিলেন। কিন্তু পুলিশ কোনও কার্যকর পদক্ষেপ নেয়নি, অভিযোগ করেছেন স্থানীয়রা।
পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ হয়ে বিক্ষোভকারীরা নিজেরাই ব্যবস্থা নিতে বাধ্য হন। আজ অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালান তাঁরা। একই সঙ্গে তাঁরা মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
প্রত্যক্ষদর্শীদের কাছে জানা গেছে, বিক্ষোভ দ্রুত ব্যাপক রূপ ধারণ করে। বহু মানুষ বিক্ষোভে অংশ নেন। স্থানীয় যুবসমাজের মধ্যে মাদকাসক্তির বাড়বাড়ন্ত এবং এর সামাজিক প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন বাসিন্দারা।
এদিকে বাসিন্দাদের অভিযোগ কিংবা বাড়িতে ভাঙচুরের ব্যাপারে এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস