
কলকাতা, ৫ জুন (হি.স.): বিশ্ব পরিবেশ
দিবস উপলক্ষে শুক্রবার কলকাতা জিপিও-তে দুটি বিশেষ স্মারক খাম প্রকাশ করল
পশ্চিমবঙ্গ ডাক বিভাগ। খাম দুটির মূল বিষয়বস্তু ছিল— ‘প্লাস্টিক দূষণ বন্ধ হোক -
পরিষ্কার পৃথিবীর চাবিকাঠি’ এবং ‘শীতলপাটি - প্রাকৃতিক শীতলতা - সমৃদ্ধ পরিবেশ
বান্ধব হস্তবোনা মাদুর’। এদিনের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্টমাস্টার
জেনারেল অশোক কুমার খাম দুটির আনুষ্ঠানিক উন্মোচন করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
দক্ষিণবঙ্গ অঞ্চল ও মেলস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের পোস্টমাস্টার জেনারেল
রিজু গঙ্গোপাধ্যায়, বিশিষ্ট
আমন্ত্রিত অতিথি, ফিলাটেলিস্ট
এবং ডাক বিভাগের উচ্চপদস্থ আধিকারিকেরা।
ডাক বিভাগ সূত্রে জানা গেছে, ‘প্লাস্টিক দূষণ’ বিষয়ক প্রথম খামটি
পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জন এবং তার পরিবর্তে পরিবেশবান্ধব ও টেকসই বিকল্প
ব্যবহারের বার্তা বহন করছে। অন্যদিকে, দ্বিতীয় খামটিতে কোচবিহারের ঐতিহ্যবাহী পরিবেশবান্ধব হস্তশিল্প
‘শীতলপাটি’র প্রাকৃতিক শীতলতা ও পরিবেশগত গুরুত্বকে বিশদভাবে তুলে ধরা হয়েছে।
পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং একই সঙ্গে রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ডাক
বিভাগের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত