
সিরসা, ৫ জুন ( হি.স.) : অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড় সাফল্য পেল হরিয়ানা পুলিশ। সিরসায় পৃথক দুই ঘটনায় মোট ছয় জন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ হেরোইন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথম ঘটনায় গ্রেফতার হয়েছে নরেশ কুমার, রাজেন্দ্র এবং সুরেশ রানী। তিনজনই সিরসার বাসিন্দা। তাঁদের কাছ থেকে ১৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
এক পুলিশ আধিকারিক জানান, উইমেন্স পলিটেকনিক ইনস্টিটিউট এলাকার কাছে টহলদারি চলাকালীন পুলিশ একটি মোটরবাইকে তিনজনকে আসতে দেখে থামার নির্দেশ দেয়। পুলিশকে দেখে তারা বাইক ঘুরিয়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তিনজনকেই আটক করা হয়। তল্লাশিতে তাদের কাছ থেকে হেরোইন উদ্ধার হয়।
অন্যদিকে, দ্বিতীয় ঘটনাটি ঘটেছে শেখুপুরিয়া গ্রামে। এলেনাবাদ থানার পুলিশ অভিযান চালিয়ে সৎপাল ও ওমপ্রকাশ নামে দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করে। তাঁদের কাছ থেকেও ১৪ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা পুলিশকে জানায়, মোহিত কুমার নামে এক ব্যক্তি তাদের কাছে চোরাপথে মাদক সরবরাহ করত। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ মোহিত কুমারকেও গ্রেফতার করেছে।
দুটি ঘটনারই তদন্ত শুরু করেছে পুলিশ। মাদক পাচার চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক