
যমুনানগর, ৫ জুন (হি.স.) : হরিয়ানার যমুনানগরে একটি খাল থেকে ছয় মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার উদ্ধার হওয়া ওই যুবতীর নাম শিবানী (২৫)। তিনি রতনপুর এলাকার বাসিন্দা ছিলেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৫ সালের ৮ ফেব্রুয়ারি মনীশ কুমারের সঙ্গে শিবানীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির সঙ্গে তাঁর পারিবারিক বিবাদ শুরু হয়। বিষয়টি নিয়ে আগেও থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। পরে গত ১৭ জুন একটি স্থানীয় মন্দিরে উভয় পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা করা হয়।
পরিবারের দাবি, শিবানী ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাঁর বাবা-মা অভিযোগ করেছেন, শ্বশুরবাড়িতে তাঁকে নিয়মিত মানসিক নির্যাতনের শিকার হতে হত। যদিও শ্বশুরবাড়ির সদস্যরা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে পারিবারিক অশান্তির জেরে শিবানী বাড়ি থেকে বেরিয়ে যান। দীর্ঘ সময় তাঁর কোনও খোঁজ না মেলায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা একটি খালে এক যুবতীর দেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহটি উদ্ধার করে। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।
পরিবারের অভিযোগ, শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে না পেরেই শিবানী চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হন। অন্যদিকে, শ্বশুরবাড়ির পক্ষ থেকে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে।
ময়নাতদন্তের রিপোর্ট এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে ঘটনার সবদিক খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক